যেমনটি আশঙ্কা করা হচ্ছিল, একটা বড় বন্যা দেশের কয়েকটি জেলার বিপুলসংখ্যক মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে তুলেছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতি ইতিমধ্যে গুরুতর রূপ ধারণ করেছে। শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায়ও বন্যার পানি ঢুকতে শুরু করেছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকা জেলার নিম্নাঞ্চলেও বন্যার পানি চলে আসতে পারে। সিলেট অঞ্চলের নদ-নদীগুলোর পানি নিচের দিকে নামতে শুরু করার পাশাপাশি নদীতীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
বন্যা উপদ্রুত জেলাগুলোর অনেক এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন ও বিঘ্নিত হয়েছে; কিছু এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার পর্যন্ত বন্যার কারণে সাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, বন্যার কারণে দেশের প্রায় ৪০ লাখ মানুষের খাদ্যনিরাপত্তায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে; সেভ দ্য চিলড্রেন বলছে, প্রায় চার লাখ শিশু বন্যার ঝুঁকিতে পড়েছে। অনেক বন্যাদুর্গত এলাকায় ইতিমধ্যে নানা রকমের রোগবালাই দেখা দিয়েছে।
অর্থাৎ বাংলাদেশ এখন এক বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি এবং বিপুলসংখ্যক মানুষের জরুরি সহযোগিতা প্রয়োজন। সব ধরনের দুর্যোগেই যারা সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়ে, সেই দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। তাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দেয় খাদ্য ও নিরাপদ পানির সংকট। ঘরে ঘরে খাদ্যাভাব দেখা দিয়েছে; কুড়িগ্রামসহ অধিকাংশ বন্যাপ্লাবিত এলাকার পানীয় জলের প্রধান উৎস অগভীর নলকূপগুলোর বেশির ভাগই তলিয়ে গেছে। এটা গভীর উদ্বেগের বিষয়। কারণ, নিরাপদ পানির অভাব থেকে পানিবাহিত নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।
বন্যাদুর্গত জেলাগুলোতে এ পর্যন্ত সরকারি ত্রাণ তৎপরতা সম্পর্কে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। চাল, বিস্কুটজাতীয় শুকনা খাবার এবং জেনারেল রিলিফ (জিআর) খাতের টাকা—জেলাপ্রতি এসবের বর্তমান বরাদ্দ এই বিরাট সংকট মোকাবিলার জন্য নিতান্তই অপর্যাপ্ত। ত্রাণসামগ্রীর বরাদ্দ অতি দ্রুত বাড়ানো প্রয়োজন। জরুরি ভিত্তিতে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, শিশুদের জন্য পুষ্টিকর শুকনা খাবার, ওরস্যালাইন ইত্যাদি প্রাণরক্ষা-সহায়ক উপাদানের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। ত্রাণ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন; ত্রাণ বরাদ্দ ও তা বিতরণের ক্ষেত্রে দ্রুততা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর অনেক দুর্গত মানুষের জীবন-মরণ নির্ভর করে।
শুধু সরকারি ত্রাণ তৎপরতা পর্যাপ্ত নয়, বেসরকারি উদ্যোগও প্রয়োজন। অতীতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যে সামাজিক ঐতিহ্য ছিল, দুর্ভাগ্যজনকভাবে তা এখন অনুপস্থিত। বিপুলসংখ্যক মানুষের এই বিরাট দুর্যোগে সামাজিক সংবেদনশীলতা, সহমর্মিতা কাম্য। দেশের ব্যবসায়ী সমাজ, স্বেচ্ছাসেবী সংস্থা-সংগঠন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত উদ্যোগ এই মানবিক সংকট মোকাবিলায় একান্ত প্রয়োজন।
এবারের বন্যায় একটি উদ্বেগজনক বিষয় বিশেষভাবে লক্ষণীয় হয়ে উঠেছে, যা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। সেটা হলো দেশের নদ-নদীগুলোর নাব্যতা হ্রাস এবং তার ফলে প্লাবনভূমির ব্যাপক বিস্তার। বিশেষজ্ঞদের দেওয়া হিসাবে দেখা যাচ্ছে, এবার কম পানিতেই বেশি বন্যা সৃষ্টি হয়েছে। এর কারণ ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা নদ-নদীর তলদেশ উঁচু হয়েছে, নাব্যতা কমেছে, এসব নদীর শাখানদীগুলোর স্রোতস্বিনীর স্বাভাবিক বৈশিষ্ট্য লোপ পেয়েছে, এগুলো অনেকটা প্লাবনভূমিতে পরিণত হয়েছে। ছোট শাখানদীগুলোর অধিকাংশই ভরাট হয়ে গেছে। বন্যাপ্রবণ বাংলাদেশের জন্য এটা দূরপ্রসারী উদ্বেগের বিষয়। নদী খননের মাধ্যমে উজান থেকে বেয়ে আসা পলি নিয়মিতভাবে ও দ্রুত অপসারণ করা না হলে ভবিষ্যতে বাংলাদেশে বন্যার প্রকোপ ও ব্যাপ্তি ক্রমেই বাড়তে থাকবে। তাই অবিলম্বে এ বিষয়ে তৎপর হওয়া উচিত।