দেশে আগস্টের মাঝামাঝি বন্যার একটি পূর্বাভাস ছিল, কিন্তু তা এতটা বিপদ হিসেবে হাজির হতে পারে, সেটি সম্ভবত ধারণা করা যায়নি। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে দিনাজপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের অবস্থা বেশ খারাপ। বিপদের কথা হচ্ছে ব্রহ্মপুত্র, গঙ্গা ও তিস্তা অববাহিকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং চীন ও ভারত যে মাত্রার বন্যার মুখে পড়েছে, তার প্রভাব খুব শিগগির বাংলাদেশে পড়বে এবং তখন পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করতে পারে। বন্যার পূর্বাভাস বলছে, এক ভয়াবহ বন্যার বিপদের মুখে রয়েছে বাংলাদেশ।
এই বন্যা একটি প্রাকৃতিক বাস্তবতা এবং ভাটির দেশ হিসেবে পানি বাংলাদেশ দিয়েই নামবে। এ অবস্থায় জানমাল রক্ষার সর্বোচ্চ উদ্যোগ নিতে মনোযোগী হওয়ার বিকল্প নেই। বন্যায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শহর রক্ষা বাঁধসহ অনেক বাঁধ ভেঙে গেছে। অনেক স্থানে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে পানি ঢুকেছে। সামনে বন্যার ভয়াবহতা বাড়লে যোগাযোগব্যবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়তে পারে। এসব নানা দিক বিবেচনায় নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে পরিস্থিতি মোকাবিলার কৌশল নিতে হবে।
বন্যাকবলিত জেলাগুলো থেকে আমাদের প্রতিনিধিরা বলেছেন, পানিবন্দী মানুষজন এখন মূলত খাবার ও পানির সংকটে পড়েছে। বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হলেও সাহায্য-সহযোগিতা এখনো পর্যাপ্ত নয়। বন্যাকবলিত অঞ্চলগুলোতে দরিদ্র ও অবস্থাপন্ন-নির্বিশেষে সবাই ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি বেশ জটিল। অবস্থাপন্নরা নানা সামাজিক বিবেচনায় আশ্রয়কেন্দ্রে যায় না। অথচ পানিবন্দী হিসেবে তারাও খাদ্য ও পানিসংকটের মুখে পড়েছে। ত্রাণ তৎপরতার ক্ষেত্রে এই দিকগুলোকে বিবেচনায় নিতে হবে। বর্তমানে উত্তরাঞ্চলের কিছু নদীর পানি কমছে, আবার কোথাও বাড়ছে। এই পরিস্থিতি বা কোনো নদীর পানি কমাকে বিবেচনায় নিয়ে স্বস্তির কোনো সুযোগ নেই। দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বন্যাসংক্রান্ত পূর্বাভাস বলছে, ১৯ তারিখের মধ্যে উজানের বৃষ্টির পানি বাংলাদেশে প্রবেশ করবে। ফলে বন্যা পরিস্থিতি সামনে শোচনীয় হতে পারে, এটা বিবেচনায় নিয়েই সরকার, স্থানীয় প্রশাসনসহ সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আমরা আশা করব, সরকারি ও বেসরকারি সব সংস্থা বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও সামনে বিপদের আশঙ্কাকে মাথায় রেখে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তৈরি থাকবে। আগাম ও যথাযথ প্রস্তুতি থাকলে মানুষের জীবন রক্ষা, দুর্ভোগ কমানো ও ক্ষয়ক্ষতিকে ন্যূনতম রাখা যাবে। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।