সিলেট ও মৌলভীবাজারে বন্যায় ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে সাড়ে চার লাখ মানুষ। প্রায় তিন শ বিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ওই অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দী অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে, কিন্তু অধিকাংশেরই যাওয়ার কোনো জায়গা নেই বলে প্লাবিত ঘরবাড়িতেই রয়ে গেছে। তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বৃষ্টিপাতের ফলে নদ–নদীগুলোতে পানি বাড়তে থাকলে বন্যা ব্যাপক অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে। এটি একটি জাতীয় উদ্বেগের বিষয়।
বর্ষা শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। কোনো কোনো স্থানে টানা বৃষ্টি হচ্ছে; কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সিলেট, মৌলভীবাজারসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ–নদী ও হাওরে পানি বাড়ছে। যেসব নদী ও হাওরে পানি বাড়ছে না, বৃষ্টির কারণে সেগুলোর পানি কমছেও না। উত্তরাঞ্চলের ১৬টি নদ–নদীর পানিও ধীরে ধীরে বাড়ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের নীলফামারী জেলায় তিস্তার পানি বেড়ে ইতিমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সম্ভবত আমরা একটা বড় আকারের বন্যার মুখোমুখি হতে যাচ্ছি। অকালপ্লাবনে ইতিমধ্যে হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি ঘটেছে, তার ওপর ব্যাপক অঞ্চলজুড়ে বন্যা দেখা দিলে বিপুলসংখ্যক মানুষের জীবনে সীমাহীন দুঃখকষ্ট নেমে আসতে পারে। এই আশঙ্কা মাথায় রেখে এখন জাতীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। বন্যা আমাদের দেশে নতুন কিছু নয়। এ দেশের মানুষের বন্যা মোকাবিলা করে টিকে থাকার দীর্ঘ অভিজ্ঞতা আছে। কিন্তু তা সত্ত্বেও দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবের জন্য পুরো জাতির উদ্যোগ নেওয়া উচিত।
এই মুহূর্তে বন্যাকবলিত সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। যেসব আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, দুর্গত মানুষের সংখ্যার তুলনায় তা অপ্রতুল। যে পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে, তা-ও পর্যাপ্ত নয়। হাওরাঞ্চলের দরিদ্র মানুষের দুর্ভোগ শুরু হয়েছে ফসলহানির সময় থেকেই। এখন বন্যায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। ত্রাণ তৎপরতা আরও অনেক বাড়ানো উচিত। বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার, কাপড় ইত্যাদি যথেষ্ট পরিমাণে বিতরণ করতে হবে।
দুঃখের বিষয়, হাওরের ফসলহানি, পার্বত্য অঞ্চলে পাহাড়ধস এবং এখনকার বন্যায় বিপন্ন মানুষের জন্য সামাজিক উদ্যোগ দেখা যাচ্ছে না। বেসরকারি তথা সামাজিক উদ্যোগ ছাড়া সরকারের একার পক্ষে বিপুলসংখ্যক দুর্গত মানুষের ত্রাণকার্য চালানো কঠিন। সমাজের বিভিন্ন অংশকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন বেসরকারি সংস্থা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যবসায়ী সমাজসহ সমাজের সব অংশের সামর্থ্যবান মানুষের উচিত বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসা।