দেশের পাঁচ জেলায় বন্যা এবং আরও বিস্তৃত অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় খাদ্য, সুপেয় পানি, পানিবাহিত রোগের চিকিৎসা এবং সর্বোপরি আশ্রয়ের ব্যবস্থা করা দরকার এখনই। পানি নেমে যাওয়ার পরের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতিও নিতে হবে। এসব এলাকার যোগাযোগের বিকল্প সব ব্যবস্থা চালু রাখা মানবিক ও অর্থনৈতিক উভয় কারণেই প্রয়োজন। বন্যার সঙ্গে বসবাসে জনগণকে অভ্যস্ত করার পাশাপাশি বন্যাবাহিত প্রতিকূলতা ঠেকানোয় সরকারি বন্দোবস্তটাই এখন আসল করণীয়।
বন্যা এ দেশে চিরাচরিত আশীর্বাদ ও অভিশাপ। আশীর্বাদ এ জন্য যে, এতে দেশের জলদেহ নবায়িত হয়। এটা কৃষি ও পরিবেশের জন্য খুবই উপকারী। দ্বিতীয়ত, বন্যার পলি ও নতুন পানি মাটি ও পানিকে দূষণমুক্ত করে। কিন্তু তীব্র অসুবিধা হয় স্বাভাবিক জীবনযাপনে। বিশেষ করে, দরিদ্রদের পক্ষে বন্যার সময়টায় জীবনধারণ অমানবিক পর্যায়ে পর্যবসিত হয়। এ জন্য বরাবরের মতো বাঁধ ও উঁচু সড়ক এবং বিদ্যালয়, কমিউনিটি সেন্টার ও আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিতে হবে। শুকনা খাদ্য, খাওয়ার স্যালাইন এবং ডায়রিয়া ও জ্বরজারির ওষুধের ব্যবস্থা করতে হবে। গৃহপালিত পশুপাখিগুলোর সুরক্ষার দিকেও নজর
এখনো পানিবন্দী ১০ লাখ মানুষদিতে হবে। দক্ষিণ-পূর্বাঞ্চলের যে পাঁচটি জেলা বন্যাকবলিত, সেখানকার প্রশাসনকেই এসব ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমে বন্যার সঙ্গে বসবাসের নিয়ম ও উপায়গুলো প্রচার করতে হবে। স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সক্রিয়তাও জরুরি।
পানি নেমে যাওয়ার পরে কৃষি, অর্থনৈতিক কাজকারবার, যোগাযোগ, পড়ালেখা পূর্ণোদ্যমে চালু করার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেসব এলাকায় ধানের বীজতলা নষ্ট হয়েছে, সেসব এলাকার কৃষি বিভাগকে তৎপর হতে হবে। বন্যার পরে যাতে ডায়রিয়া বা পানিবাহিত রোগ ছড়াতে না পারে, তার দায়িত্ব স্বাস্থ্য বিভাগের। ত্রাণকাজে ত্রুটি করা যাবে না।
বাস্তবতা হচ্ছে, এ দেশে দুস্থদের জন্য গম নিয়ে চরম দুর্নীতি হয়। ত্রাণের সামগ্রী বারোভূতে খেয়ে ফেলে। সরকারযন্ত্রের গাফিলতিও সুবিদিত। এ কারণে সরকারের শীর্ষ পর্যায় থেকেই বন্যা মোকাবিলার সার্বিক কার্যক্রমের তদারকি হওয়া চাই।