বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় লাখো মানুষ দুর্গত ও বিপন্ন। সরকারি ত্রাণ অপ্রতুল। আগাম যথাযথ সতর্কতা না থাকায় নদীতীরবর্তী মানুষ হঠাৎ মানবেতর দশায় পড়েছে। দুর্যোগের সময়ই রাষ্ট্রযন্ত্রের সত্যিকার পরীক্ষা হয়। রাষ্ট্রযন্ত্রকে দুর্গতদের রক্ষায় নিয়োজিত করায় সরকারি উদ্যোগে ঘাটতি হতাশাজনক। বিভিন্ন স্থানে বাঁধ ও যোগাযোগ অবকাঠামোর ভাঙন থেকে রক্ষণাবেক্ষণের গাফিলতিও উন্মোচিত।
বন্যা বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা। উজানের পানি নামার পথ হচ্ছে এই দেশটির ভূখণ্ড। বন্যা উত্তর থেকে ক্রমে দেশের মধ্যাঞ্চল প্লাবিত করলেও এ ব্যাপারে সরকার, বেসরকারি সংস্থা ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগের অভাব দেখা যাচ্ছে। বন্যা মোকাবিলা দুর্গতরা নিজেদের সামর্থ্যেই করার চেষ্টা করে। তাদের এই উদ্যোগকে শক্তিশালী করা এবং আশ্রয়, ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়ে ক্ষয়ক্ষতির অংশীদার হওয়াই সরকারের দায়িত্ব। দুঃখজনকভাবে তা সন্তোষজনকভাবে পালিত হচ্ছে না।
সামনেই প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষা। কিন্তু ঘরবাড়ি ডুবে থাকায় পরীক্ষার্থীদের প্রস্তুত হওয়ার কোনো উপায়ই আসলে নেই। শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে বিবেচনা করতে হবে। বন্যার্তদের কৃষিঋণ ও অন্যান্য আর্থিক দায়ে রেয়াত দিতে হবে সংশ্লিষ্ট এনজিও ও সরকারি প্রতিষ্ঠানকে।
পানি নেমে যাওয়ার পর আসবে আসল বিপদ। ঘরবাড়ি বিপর্যস্ত, ফসল বিনষ্ট, খাওয়ার পানির উৎসের অভাব, ডায়রিয়া-চর্মরোগের প্রাদুর্ভাব মিলিয়ে মানবেতর অবস্থা তৈরি হবে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করতে হবে। বন্যা মোকাবিলার যাবতীয় কার্যক্রমে দরিদ্র ও দিনমজুরদের জড়িত করলে তাদের বন্যাজনিত বেকারত্ব ও অভাব লাঘব হবে। কৃষকের বীজ ও চারার সংকট জরুরিভাবে না মেটালে খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে। লাখ লাখ গবাদিপশু খাদ্যের অভাবে ধুঁকছে। এগুলোর জন্যও ত্রাণের ব্যবস্থা করা জরুরি।
বন্যাদুর্গত জনপদের পুনর্জাগরণে সরকারের পাশে এনজিওসহ স্বেচ্ছাসেবী সংগঠন ও নাগরিক ফোরামগুলোকে দাঁড়াতে হবে। কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোরও উচিত রাজনৈতিক বিভেদ ভুলে কাজে নেমে পড়া।