বন্যার চিরাচরিত দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার ‘হারানো’ বন্যা আবার ফিরে এসেছে। সঙ্গে ফিরে এসেছে লাখো মানুষের দুর্ভোগ। গতকাল শনিবারের প্রথম আলোয় প্রকাশিত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির তীব্রতার খবর উদ্বেগ জাগিয়েছে। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। বাংলাদেশে বন্যা সাধারণত হঠাৎ করে আসে না; তাই সরকারের অপ্রস্তুত থাকারও অজুহাত নেই।
ইতিমধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নিচু এলাকা বন্যায় ডুবতে শুরু করেছে। প্রধান তিনটি নদী অববাহিকার পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। সুতরাং দুর্যোগ মোকাবিলায় নেমে পড়াই এখন কর্তব্য। বিশেষ করে, জরুরি ত্রাণ, আশ্রয়, খাদ্য, পানি সরবরাহ এবং নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ মোকাবিলার দিকে মনোযোগ দিতে হবে। পাশাপাশি বন্যা-পরবর্তী সহায়তার পরিকল্পনা ও তা বাস্তবায়ন না করলে কৃষি অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণও সরকারের অগ্রাধিকারে থাকতে হবে। বিশেষ করে, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করতে হবে দ্রুত।
এবারের বন্যা নদীশাসনের ত্রুটিও উন্মোচন করে দিয়েছে। গতকাল শনিবারের প্রথম আলোর দুটি ছবিই এর উদাহরণ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ঠিক এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে তৈরি করে রিং বাঁধ। গত বৃহস্পতিবার রাতে সেই বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত দেড় শ গ্রাম। বাঁধ নির্মাণে ত্রুটি ও নদী প্রকৌশল ব্যবস্থার সমস্যার জন্য নদীর ক্ষতি হলে তার প্রতিক্রিয়া জনজীবনে পড়তে বাধ্য। সুতরাং বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ত্রুটি ও অনিয়মের তদন্তও হওয়া উচিত।
নদীবাহিত পলি জমেই বাংলাদেশের জন্ম। বন্যাবাহিত পলি জমির উর্বরতাও বাড়ায়। ভুল নদীশাসনে নদীগর্ভ উঁচু হওয়ায় নদী অতিরিক্ত পানি ধরে রাখতে পারছে না। পানির গমনপথে আবাসন-কারখানা-স্থাপনা তৈরি হওয়ায় বন্যার পানি নেমে যেতে সমস্যা হয়। প্লাবন সমভূমির এই দেশে ওপর থেকে নামা পানি যাতে সহজে খাল-বিল-জলাশয় দিয়ে বিনা বাধায় সমুদ্রে নেমে যেতে পারে, তার ব্যবস্থা নিতে হবে।