বন্যার পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির খবরে আপাতত দুশ্চিন্তা কেটে গেলেও স্বস্তিবোধ করার কোনো কারণ নেই। কেননা আষাঢ়ের শুরুতে বৃষ্টি ও উজানের পানিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে যে বন্যার পদধ্বনি শোনা গেছে, সেটি ভরা মৌসুমে আরও বাড়বে বলে ধারণা করি। গত বছর অকালবন্যা আঘাত হেনেছিল এপ্রিল-মে মাসে। আলামত দেখে মনে হচ্ছে এবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আর বৃষ্টি ও উজানের ঢল মানেই ভাটিতে বন্যা।

প্রকাশিত খবর অনুযায়ী, গত রোববার মধ্যরাতে মৌলভীবাজার শহরতলির বড়হাটের বাড়ইকোনা এলাকায় মনুর বাঁধে ভাঙন দেখা দেওয়ায় মৌলভীবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মনুর বাঁধ ভাঙায় মৌলভীবাজার শহরের একাংশ প্লাবিত হয়। পৌরসভার তিনটি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের ২০-২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় সাতজন মারা গেছে। পুরো জেলায় দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলভীবাজারের বন্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে, চা–বাগানও ডুবে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী গত সোমবার বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্গত মানুষকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কত ত্রাণসামগ্রী বরাদ্দ করা হয়েছে, তারও হিসাব দিয়েছেন তিনি। কিন্তু সেই সামগ্রী প্রকৃত দুর্গতদের কাছে পৌঁছাবে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননও কয়েকটি আশ্রয়শিবিরে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তাঁদের এই ত্বরিত পদক্ষেপে হয়তো দুর্গত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে। কিন্তু সরকারের দায়িত্ব তো শুধু বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণসামগ্রী বিতরণ নয়, বন্যা প্রতিরোধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সেটিও দেখার বিষয়।

বন্যা মোকাবিলায় চাই টেকসই ব্যবস্থা। এর একটি হলো প্রতিরোধমূলক, বাঁধ নির্মাণ ও দ্রুত পানিনিষ্কাশনের মাধ্যমে যেটি করা যায়। দ্বিতীয়ত বন্যার হাত থেকে উপদ্রুত মানুষগুলোকে রক্ষা করা। বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ নিয়ে দুর্নীতি-অনিয়মের অভিযোগ বেশ পুরোনো। মৌলভীবাজারে নির্মিত বাঁধের ওপর বসানো স্লুইসগেটগুলো এক বছরের মাথায় অকেজো হয়ে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক। একটি কথা প্রচলিত আছে, যেখানে বাঁধ সেখানেই দুর্নীতি-অনিয়ম। মূলত ঠিকাদারেরা এর হোতা হলেও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একশ্রেণির কর্মকর্তাও জড়িত। গত বছর অকালবন্যায় হাওরের বাঁধ ভেঙে যাওয়ার পর বাঁধের দুর্নীতি ধরতে দুর্নীতি দমন কমিশনও (দুদক) মাঠে নেমেছিল। তবে দু-একজন চুনোপুঁটি শাস্তি পেলেও রাজনৈতিক প্রভাবে রাঘববোয়ালেরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছেন।

মৌলভীবাজারে এবার যে বন্যার পানি ঢুকেছে, তারও কারণ বাঁধের স্লুইসগেটগুলো অকেজো থাকা। এক বছরের মধ্য স্লুইসগেট অকার্যকর হওয়ার কারণ সরকারের ভুল সিদ্ধান্ত। পানিনিষ্কাশনের জন্য স্লুইসগেট নির্মাণ করা হলেও সেগুলো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। স্লুইসগেট রক্ষণাবেক্ষণের জন্য যে জনবল রাখা হতো, এরশাদ সরকারের আমলে সেটি বাতিল করে দেওয়া হয়। এ ছাড়া হাওরের সঙ্গে যুক্ত ৩৭টি খাল–নালাও বন্ধ রয়েছে। ফলে পানি সরে যেতে পারছে না। এই খালগুলো পুনরায় চালু করা জরুরি।

গত কয়েক দিনের বন্যায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট ও ফেনী জেলাও। সেখানেও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছানো প্রয়োজন। মৌলভীবাজার ও ফেনীতে বন্যা হয়েছে ত্রিপুরার ঢল থেকে। সামনে ভরা মৌসুমে আরও বেশি বৃষ্টি হবে এবং মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গ থেকেও ঢল নামার আশঙ্কা রয়েছে। অতএব এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কমানো যায়।