বন্যায় ত্রাণ তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাকবলিত জেলাগুলোর সংবাদদাতাদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে যে ধারণা পাওয়া গেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে যে যেভাবে পারছে বন্যার্ত মানুষকে সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু চাহিদার তুলনায় তা খুবই সামান্য। বন্যার প্রথম ধাক্কায় যারা আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেছে, তারা প্রায় পাঁচ দিন সেখানে কাটিয়ে দিয়েছে। এই পাঁচ দিনে সরকারের তরফে কোনো ত্রাণ যায়নি—এমন নজিরও আছে।

শহর ও উপজেলা পর্যায়ে বা যাতায়াত সহজ এমন এলাকাগুলোতে কিছু ত্রাণ তৎপরতা থাকলেও দুর্গম চরাঞ্চলগুলোতে ত্রাণ নিয়ে কেউ যাচ্ছে না। উত্তরাঞ্চলে এমন অনেক চর রয়েছে, যেখানকার লোকজন স্বাভাবিক শুষ্ক মৌসুমেই অভাব-অনটনের মধ্য থাকে। তারা এখন কতটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে, তা সহজেই অনুমেয়।

বন্যার্ত মানুষের এখনকার সবচেয়ে বড় চাহিদা হচ্ছে খাদ্যদ্রব্য ও বিশুদ্ধ পানি। এটা শুধু আশ্রয়কেন্দ্রের ব্যাপার নয়, পানিবন্দী হয়ে নিজেদের বাসাবাড়িতে আটকা পড়েছে—এমন লোকজনের জন্যও এ সহায়তা জরুরি হয়ে পড়েছে। অনেক স্থানে স্যানিটেশন বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ বড়ি, মোমবাতি ও দেশলাইয়ের মতো সামগ্রীর প্রয়োজনীয়তার কথা বলেছেন আমাদের সংবাদদাতারা।

যেকোনো প্রাকৃতিক দুর্যোগে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে। নারীদেরও কিছু বাড়তি সমস্যা মোকাবিলা করতে হয়। স্যানিটারি ন্যাপকিন একটি জরুরি দরকারি জিনিস। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতায় যুক্ত ব্যক্তিদের এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। ত্রাণ উদ্যোগের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে এ বিষয়গুলো বিবেচনায় নেওয়া হলে দুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সহজ হবে।

বন্যার সময়ের সমস্যা ও পানি নেমে যাওয়ার সমস্যা আলাদা। এখন ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের প্রকোপ দেখা না দিলেও বিষয়টি মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি থাকতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, ১ লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা সাড়ে সাত লাখের বেশি। এসব তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে বন্যা-পরবর্তী পুনর্বাসন কর্মসূচির পরিকল্পনাও এখন থেকেই নেওয়া উচিত। কারণ, পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে সেই কাজ শুরু করতে হবে।