বন্যায় ফসলহানি হলে দায় নেবে কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

অকালবন্যা কতটা ভয়াবহ ব্যাপার এবং সেই বন্যা ঠেকাতে মজবুত বাঁধ না থাকলে কতটা ক্ষতির মুখে পড়তে হয়, তা সবচেয়ে ভালো জানেন হাওরাঞ্চলের মানুষ। বিশেষ করে সুনামগঞ্জ এলাকার কৃষকদের কাছে তা এক দুঃস্বপ্নের নাম। ২০১৭ সালের অকালবন্যায় যেভাবে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা ডুবে ফসল মার খেয়েছিল, তা মনে করলে আজও তাঁদের শিউরে উঠতে হয়। স্থানীয় কৃষকদের অভিজ্ঞতালব্ধ ধারণা হলো, সাধারণত তিন-চার বছরের বিরতিতে অস্বাভাবিক বা অকালবন্যা বা ঢলের ঘটনা ঘটে। ২০১৭ সালের পর এমন কিছু না ঘটায় অনেকে আশঙ্কা করছেন, যেকোনো সময় এ ধরনের ঢল আসতে পারে। ফলে বাঁধ ঠিকঠাকমতো না থাকলে তাঁদের আতঙ্কে থাকতেই হয়।

দুশ্চিন্তার কথা, সুনামগঞ্জের ধর্মপাশার গুরমা হাওরের আওরজান ফসল রক্ষা বাঁধের ২০০ মিটার স্থানে এখনো কোনো কাজ শুরু হয়নি। ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাঁধটির এই অংশ এখনো ফাঁকা পড়ে আছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা বলছেন, বাঁধের মূল প্রকল্পের মধ্যে ওই ২০০ মিটার স্থান অন্তর্ভুক্ত করা হয়নি। কেন অন্তর্ভুক্ত হয়নি, সেটিও প্রকল্পসংশ্লিষ্ট কেউ বলতে পারছেন না। ফলে হাওরের প্রায় আড়াই হাজার একর বোরো জমি অরক্ষিত অবস্থায় আছে। এতে ওই এলাকার আটটি গ্রামের কৃষকেরা দুশ্চিন্তার মধ্যে দিন পার করছেন।

উপজেলার চন্দ্র সোনার থাল, জয়ধনা, ধানকুনিয়া, সোনামড়ল, ঘোড়াডোবা, রুই বিল, কাইলানী, গুরমা, গুরমার বর্ধিতাংশ—এই ৯টি হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন। এসব হাওরে ১৫৭টি প্রকল্প আছে। এর মধ্যে গুরমা হাওরের আওরজান ফসল রক্ষা বাঁধের দৈর্ঘ্য সাড়ে ছয় কিলোমিটার। গত বছর এ বাঁধের পুরো অংশে কাজ হলেও এ বছর বাঁধের মধ্যবর্তী ২০০ মিটার স্থান প্রকল্প থেকে বাদ পড়েছে। ওই অংশ ছাড়া অন্যান্য স্থানে মাটি ফেলা হয়েছে। শুধু মধ্যবর্তী ওই স্থানেই নতুন করে কোনো মাটি পড়েনি। অথচ এ হাওরে উপজেলার সরস্বতীপুর, সাদীপুর, তেলিগাঁও, কাহালা, বিশারা, দরাপপুর, নোয়াগাঁও ও দুগনই গ্রামে প্রায় আড়াই একর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। কিন্তু ওই ২০০ মিটারে কাজ না হওয়ার বিষয়টি হতাশাজনক। কয়েকজনের গাফিলতির কারণে হাওরের ফসল ডুবে গেলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

এখনো বাঁধের একাংশে কাজ শুরু না হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতা ছাড়া আর কিছুই নয়। দ্রুত ওই অংশে মাটি ফেলা না হলে আগাম বন্যায় ফসলডুবির আশঙ্কা রয়েছে। যদি সে ধরনের কোনো বিপর্যয় তৈরি হয়, তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারা বা কাজের এ ঢিলেমির দায় কে নেবে, সেটি একটি বড় প্রশ্ন।