মার্কিন গীতিকার ও গায়ক বব ডিলানের ২০১৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার সংবাদ চমকপ্রদ ও আনন্দদায়ক। আক্ষরিক অর্থে তিনিই প্রথম ‘সং রাইটার’ বা গান-লেখক, যাঁর সৃজনশীল কর্ম এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করল। এই ঘটনার মধ্য দিয়ে ‘সাহিত্য’ সম্পর্কে প্রচলিত সংজ্ঞা ধারণার সীমারেখার বিস্তৃতি ঘটল।
সুইডিশ নোবেল কমিটির ভাষায়, বব ডিলান এই পুরস্কারে ভূষিত হয়েছেন ‘আমেরিকান গানের মহৎ ঐতিহ্যের নতুন কাব্যিক অভিপ্রকাশ সৃষ্টির স্বীকৃতিস্বরূপ’। পুরস্কার ঘোষণার পর নোবেল কমিটির স্থায়ী সচিব সারা দানিউস বলেন, বব ডিলানকে পুরস্কৃত করা হয়েছে একজন মহৎ কবি হিসেবে; জন মিল্টন ও উইলিয়াম ব্লেক থেকে শুরু করে পরবর্তীকালে বিকাশমান ইংরেজি কাব্যিক ঐতিহ্যের মহৎ কবিদের একজন তিনি।
সাহিত্যে নোবেল পেলেন ‘কনসার্ট ফর বাংলাদেশে’র বব ডিলানযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ডলুথ শহরে ১৯৪১ সালে জন্মগ্রহণকারী রবার্ট অালেন জিমারম্যান পরবর্তীকালে বব ডিলান নামে আমেরিকা-ইউরোপসহ পৃথিবীর প্রায় সব অংশেই জনপ্রিয় হয়ে ওঠেন একজন সংগীতশিল্পী হিসেবে। প্রথম দিকে আমেরিকান লোকসংগীতের প্রতি আকৃষ্ট হলেও তিনি অচিরেই সে পরিধি অতিক্রম করে যান। তিনি তাঁর সমকালের সবচেয়ে জনপ্রিয় শৈল্পিক প্রকাশমাধ্যম ‘পপ’ সংগীতকে অত্যন্ত সফলভাবে ব্যবহার করেন জীবন, জগৎ, সমাজ, রাজনীতি, প্রেম, আধ্যাত্মিকতাসহ মানব-অভিজ্ঞতার সমস্ত বিষয়ে নিজের কথা ব্যক্ত করার পন্থা হিসেবে। কেউ কেউ তাঁকে যথার্থই ‘রক এন রোলের শেক্সপিয়ার’ অভিধায় ভূষিত করেছেন। গত পাঁচ দশকের বেশি সময় আমেরিকান জনসংস্কৃতির ওপর যাঁর প্রভাব সবচেয়ে গভীর ও ব্যাপক, তিনি বব ডিলান। তাঁর গানের আবেদন সমকালের গণ্ডি পেরিয়ে যায়, কেননা তা হয়ে ওঠে মানব-অস্তিত্বের চিরন্তন অভিজ্ঞতায় সমৃদ্ধ কবিতা।
বব ডিলানের গানে যুদ্ধ-বিরোধিতা ও প্রতিষ্ঠান-বিরোধিতার কথা ঘুরেফিরে এসেছে। বাংলাদেশের জনগণের জন্য তাঁর নোবেল বিজয় বিশেষ আনন্দের বিষয়, কেননা ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে তিনি ও তাঁর বন্ধুরা সক্রিয় সমর্থন নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।