বরগুনার জীর্ণ ২৬৬টি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার ‘হালকা যান চলাচল প্রকল্প’টি ভালোই ছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে তা কুফল দেওয়া শুরু করেছে। বরগুনার পাঁচ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত ২৬৬টি লোহার সেতু অনেকটা মরণফাঁদে পরিণত হয়েছে। প্রকল্প হাতে নেওয়ার সময় সেতুগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করার কারণেই এই হাল হয়েছে। এর কী জবাব দেবে এলজিইডি? পুরোটাই ধ্বংস হওয়া এবং আরও বেশি মানুষ দুর্ঘটনার আগেই এগুলোর সংস্কার, পুনর্নির্মাণ ও ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হওয়া দরকার।
১৯৯৭-৯৮ অর্থবছরে এলজিইডির আওতায় ‘হালকা যান চলাচল প্রকল্পের’ অধীনে এসব সেতু নির্মাণ করা হয়। ২০০৫ সাল পর্যন্ত প্রকল্পটি কার্যকর ছিল। এরপর প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি করা হয়নি। এর মধ্যে ব্যবহারে ব্যবহারে এগুলো জীর্ণ হয়েছে, সহ্য করেছে ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালের আইলার ধকল। প্রথম আলোর সোমবারের সংবাদ জানাচ্ছে, ৯৫ ভাগ সেতু জরাজীর্ণ হয়ে চলাচলের একেবারে অনুপযোগী। দুর্ঘটনাও ঘটছে হরহামেশাই।
উপকূলের নিকটবর্তী বরগুনা খাল-নালাসমৃদ্ধ এলাকা। কংক্রিটের বদলে লোহার বা কাঠের সেতুই এখানকার প্রকৃতি, নিসর্গ ও পরিবেশের উপযোগী। কিন্তু স্থানীয় এলজিইডির ভাষ্য হলো, এসব সেতু নির্মাণ ও পুনর্নির্মাণের উপকরণ দেশে সহজলভ্য নয়। লোহা সহজলভ্য নয়, এটা নতুন কথা। তবে এলজিইডির কথা থেকেই স্পষ্ট যে ঠিকাদারেরা পুরোনো লোহার পিলার, অ্যাঙ্গেল ও অন্য মালামাল ব্যবহার করে যেনতেনভাবে কাজ সম্পন্ন করেন। এতে দুর্নীতি ও অপচয় দুটোই হয়। দুর্নীতি ও পরিকল্পনার ভুল যদি প্রমাণিত হয়, তবে শাস্তি হবে না কেন?
এসব স্থানে নতুন করে আরসিসি সেতু নির্মাণের জন্য প্রকল্প নেওয়ার চিন্তাভাবনা করছে এলজিইডি। আগামী বর্ষার আগেই তা সম্পন্ন হওয়া উচিত। যেসব জায়গায় মেরামত সম্ভব, সেখানে মেরামত এবং বাকিগুলোয় নতুন পাকা সেতু নির্মাণ করার প্রকল্প দ্রুতই হাতে নেওয়া দরকার।