বরগুনায় কাঠ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় উপকূলীয় জেলা বরগুনায় গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার মণ কাঠ কেটে নেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা খুবই উদ্বেগজনক। এসব কাঠের অর্ধেক স্থানীয় ইটভাটায় ব্যবহার করা হয় এবং বাকিটা রাতের আঁধারে দেশের অন্যান্য স্থানে পাচার হয়ে যায়। বন সংরক্ষণ বিধিমালা ২০১১ অনুযায়ী, ফলদ বৃক্ষ ছাড়া ব্যক্তিমালিকানাধীন বা অন্য যেকোনো ধরনের গাছ কাটার জন্য বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করে অনুমতি নেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে কাঠ পরিবহনের জন্য বন বিভাগের রুট পারমিট নেওয়ার বিধান থাকলেও তা কেউ মানছে না।
দিনে ৩০ হাজার মণ কাঠ পাচারকথায় আছে, ‘কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই।’ আইন থাকলেও তা মানার প্রয়োজন বোধ করে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। একটি সংঘবদ্ধ চক্র বন ও পরিবেশ বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে কাঠ কাটা ও পাচারের কাজটি করে থাকে। দেশের যে কটি জেলা বনাঞ্চলে সমৃদ্ধ, বরগুনা তার অন্যতম। এই জেলায় সামাজিক, সংরক্ষিত (শ্বাসমূলীয় বৃক্ষ) ও অন্যান্য প্রকল্প মিলিয়ে বন বিভাগের ১৩৭ দশমিক ৫৫ বর্গকিলোমিটারজুড়ে বন রয়েছে; যদিও ঘূর্ণিঝড় সিডরে সবুজ বেষ্টনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক বনায়নে সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি গণসচেতনতাও বাড়ছে। অনেক বেসরকারি সংস্থা এতে যুক্ত হচ্ছে। কিন্তু লাভের গুড় তস্কর খেয়ে ফেললে দরিদ্র বৃক্ষরোপণকারীদের দুঃখ যেমন ঘুচবে না, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষিত হবে না।
বন থেকে যথেচ্ছ কাঠ কাটা বন্ধ করার দায়িত্ব বন বিভাগের আর বেআইনিভাবে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধ করার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। একে অন্যের ওপর দায় না চাপিয়ে সমন্বিত কর্মসূচির মাধ্যমে কাঠ কাটা ও পাচার দুটোই বন্ধ করতে হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থার পাশাপাশি গণসচেতনতাও বাড়ানো জরুরি বলে মনে করি। দেশের সব জেলায় পরিকল্পিত বনায়নের পাশাপাশি পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।