বরিশাল বিভাগে ১৮ হাজার মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক? দীর্ঘদিন ধরেই সেখানে এই অবস্থা চলছে। যে দেশ এমডিজি পেরিয়ে এসডিজির পথে এগোতে চাইছে, সে দেশে এমন পরিস্থিতি কীভাবে দীর্ঘদিন ধরে বিরাজ করতে পারে?
বরিশাল বিভাগে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসকের পদ ১ হাজার ৬১ জন। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ৫৫৪ জন, অর্থাৎ প্রায় অর্ধেক পদই শূন্য। এই ৫৫৪ জনেরও প্রায় অর্ধেক, অর্থাৎ ২৮৫ জনই হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত। নতুন নিয়োগের আগের পরিস্থিতিটা তাহলে কী ছিল? এবং কীভাবে এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলে আসতে পারছিল?
১৮ হাজার মানুষের জন্য চিকিৎসক মাত্র একজনদেশে উন্নয়নে দ্বৈতনীতি দেখা যাচ্ছে। একদিকে ভবন-কাঠামো ইত্যাদি বানানোর তোড়জোড়, অন্যদিকে সেসব ভবন-প্রতিষ্ঠান ও সেবা সংস্থার সক্ষমতার খুবই অভাব। সরকার ইউনিয়ন পর্যায় পর্যন্ত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নির্মাণ করেছে, কিন্তু সেগুলোয় যদি চিকিৎসকই না থাকেন, তাহলে কী লাভ? কমিউনিটি ক্লিনিকগুলো দীর্ঘদিন বন্ধ ছিল। চালু যখন হলো, তখন সেখানে চিকিৎসক মেলে না। অবেদনবিদ, গাইনি ও বিশেষজ্ঞ চিকিৎসক নেই বলে বরিশালের অনেক হাসপাতালে অস্ত্রোপচারই করা যায় না।
এ ধরনের পরিস্থিতি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোর জন্য পোয়াবারো পরিস্থিতির সৃষ্টি করেছে। বাঁচার প্রয়োজনে সাধারণ মানুষকে বেসরকারি প্রতিষ্ঠানে বেশি খরচ করে চিকিৎসা নিতে হচ্ছে। এই দশা কেবল বরিশালে বিভাগেই চলছে ভাবলে ভুল হবে; অন্যান্য বিভাগেও কমবেশি চিত্রটা এ রকমেরই।
আমরা আশা করব, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের সব হাসপাতাল ও সেবাকেন্দ্রে চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবলের ঘাটতি দূর করায় শিগগিরই ব্যবস্থা নেবে। যে চিকিৎসকেরা পদাধিকার করেও দায়িত্ব পালনে বড় শহরের বাইরে যাবেন না, তাঁদের জায়গায় আগ্রহীদের বসানো হোক। ১৮ হাজারের জন্য একজন চিকিৎসক, কোনো নিম্ন-মধ্যম আয়ের দেশের বাস্তবতা হতে পারে না।