বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই পাঁচ মাস ধরে। নৈতিক স্খলনের দায়ে রেজিস্ট্রার চাকরিচ্যুত হয়েছেন গত এপ্রিল মাসে। এত দিন উপাচার্যের চলতি দায়িত্ব পালন করা কোষাধ্যক্ষ মাহবুব হাসান ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনে গভীর অনিশ্চয়তা দেখা দিলেও শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে কোনো তৎপরতা না থাকা দুর্ভাগ্যজনক। 

বিশ্ববিদ্যালয়ের ওই তিন শীর্ষ পদাধিকারীর পদই যে শুধু শূন্য আছে, তাই নয়; বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রকের পদটিও দীর্ঘদিন ধরে খালি। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থাকলেও ডিন ছিলেন মাত্র দুজন; যাঁর একজন চিকিৎসার জন্য ছুটিতে দেশের বাইরে। এখন একজন ডিন দিয়েই চলছে বিশ্ববিদ্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সেশনজট চলছে। এই অচলাবস্থা চলতে থাকলে সেশনজট আরও বাড়বে সন্দেহ নেই। 

আরও উদ্বেগের বিষয় হলো, গত সাড়ে চার মাসে সিন্ডিকেট সভা হয়নি। সর্বশেষ সভা হয় গত ২৭ মে। রুটিন দায়িত্ব পাওয়ার পর কোষাধ্যক্ষ মাহবুব হাসান যে ১২ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি ও নিজস্ব তহবিল থেকে ব্যয় করেছেন, যার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। 

একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার—এই তিনটি শীর্ষ পদ কীভাবে খালি থাকে? শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কী করছে? শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, শিগগিরই উপাচার্য নিয়োগ হয়ে যাবে। কিন্তু এত দিন কেন হলো না, সেই প্রশ্নের জবাব কে দেবে? বিশ্ববিদ্যালয়ে কে পদায়িত হবেন, সে বিষয়ে সুপারিশ করা ব্যতীত ইউজিসির কিছু করণীয় নেই। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কেন নির্বিকার থাকল? উল্লেখ্য, সাবেক উপাচার্য ইমামুল হকের পদত্যাগের দাবিতে গত মার্চ মাসে শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে নামেন। সে সময় শিক্ষা মন্ত্রণালয় উপাচার্যকে অপসারণ না করে তাঁর ইচ্ছে অনুযায়ী ‘বাধ্যতামূলক ছুটিতে’ পাঠায়। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এই উদাসীনতা অমার্জনীয়। 

পরিস্থিতি এতটা নাজুক যে আরও কিছুদিন গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা কঠিন হবে। কেননা, প্রতি তিন মাস পরপর বিশ্ববিদ্যালয়ের খরচের বিষয়ে ইউজিসির অনুমোদন নিতে হয়। উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকায় সেটি এখন সম্ভব হচ্ছে না। প্রশাসনিক অচলাবস্থার কারণে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিশ্চয়তা। ১৮ ও ১৯ অক্টোবর একবার তারিখ ঠিক করেও স্থগিত করতে হয়েছে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এমনকি আবরার হত্যার পর শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলনের পরও বুয়েটে ভর্তি পরীক্ষা হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনের কর্মসূচি দুদিনের জন্য স্থগিত রেখেছিলেন। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অচলাবস্থার কারণে সেটি শুরু হতে পারছে না। উপাচার্য না থাকায় একাডেমিক, অর্থ ও সিন্ডিকেট সভা হচ্ছে না ছয় মাস ধরে। 

শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়েই উপাচার্য পদ খালি আছে, তা নয়। সম্প্রতি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করার পর এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ করা হয়নি। 

শিক্ষা মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী আছেন—একজন পূর্ণ মন্ত্রী, আরেকজন উপমন্ত্রী। শিক্ষা বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা নিয়ে প্রায়ই তাঁরা দেশবাসীকে নসিহত করে থাকেন। কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের পদ পাঁচ-ছয় মাস শূন্য থাকার পরও তাঁরা নির্বিকার থাকেন কীভাবে?