প্রতিষ্ঠার পর দীর্ঘ ৫৫ বছর পেরিয়ে গেছে। কিন্তু এই দীর্ঘ সময়েও বরিশালের বিসিক শিল্পনগরীর পূর্ণতা না পাওয়ার বিষয়টি দুঃখজনক।
প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ১৯৬০-৬১ সালে বরিশাল শহরের লাকুটিয়া এলাকায় প্রায় ১৩১ একর জমিতে গড়ে তোলা এই শিল্পনগরীর ৪৪৬টি প্লটের মধ্যে বিভিন্ন সময়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩৭৫টি। তবে বিভিন্ন ধরনের শিল্পকারখানা গড়ে তোলা হয় ১৭১টিতে। এর মধ্যে বর্তমানে চালু আছে মাত্র ৭৬টি কারখানা। কিছু প্রতিষ্ঠান উদ্যোক্তাদের নিজস্ব চেষ্টায় সাফল্যের মুখ দেখলেও বেশির ভাগই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখানে নেই বিদ্যুৎ, নেই পানি, শিল্পের জন্য সহায়ক অন্যান্য সুযোগ-সুবিধা। ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া শিল্পনগরীর সড়কগুলোর অবস্থা খুবই খারাপ, অনেক স্থানেই বড় বড় গর্ত। এসব সড়কে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যান চলাচল করতে পারে না। সীমানাপ্রাচীরের দেয়াল অনেক জায়গায় ভেঙে গেছে। পয়োনিষ্কাশন নালাগুলোর সংস্কার হচ্ছে না বহুদিন ধরে। এসব সমস্যা ছাড়াও শিল্পপ্রতিষ্ঠান চালাতে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে রয়েছে নানা জটিলতা। রয়েছে দক্ষ শ্রমিকের অভাব।
একটি শিল্পনগরীর এমন রুগ্ণ চেহারা কোনোভাবেই কাম্য নয়। ৫৫ বছর ধরে ধুঁকে ধুঁকে চলছে শিল্পনগরীটি। অথচ বিসিক কর্তৃপক্ষের যেন কিছুই করার নেই। এই শিল্পনগরীকে ব্যবসাবান্ধব করার ব্যাপারে বিসিকের কোনো উদ্যোগ না থাকাটা খুবই বিস্ময়ের। বিসিক বা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের মুখ্য প্রতিষ্ঠান। তাদেরই দায়িত্ব শিল্পনগরীটিকে ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তোলার।
এখন সময় হয়েছে এদিকে মনোযোগ দেওয়ার। দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু আর পায়রা সমুদ্রবন্দর চালু হলে বরিশালে নতুন নতুন শিল্পের প্রসারের সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি মাথায় রেখে বিসিককে এখন এই শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিতে হবে। বিদ্যুৎ ও পানির সমস্যাসহ অন্যান্য সমস্যা দূর করে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে আদর্শ শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হবে।