বরিশালের বার্ন ইউনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট পুরো বরিশাল বিভাগের মধ্যে একমাত্র চিকিৎসাপ্রতিষ্ঠান; যেখানে আগুন, বিদ্যুৎ, অ্যাসিড ইত্যাদি থেকে পোড়া রোগীদের চিকিৎসা দেওয়ার মোটামুটি সুবিধা আছে। কিন্তু ৩০ শয্যার এই ইউনিটে এখন আর পোড়া রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। সেখানে এখন হাড়ভাঙা রোগীদের উপচে পড়া ভিড়। শয্যা না পেয়ে যেসব রোগী মেঝেতে বিছানা পেতে আশ্রয় নিয়েছেন, তাঁরাও পোড়া রোগী নন। বরিশাল বিভাগের পোড়া রোগীদের এখন এই কোভিড-১৯ মহামারির মধ্যে সংক্রমণের ঝুঁকি নিয়ে ঢাকায় পাঠাতে হচ্ছে। অথচ সেখানে সব সময় ৪০ থেকে ৪৫ জন রোগী ভর্তি থাকত। ২০১৫ সালের মার্চ মাসে বার্ন ইউনিটটি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার রোগী চিকিৎসা পেয়েছেন। অথচ এখন আর সেটি কার্যত বার্ন ইউনিট নেই।

এ অবস্থা চলছে প্রায় সাত মাস ধরে। যে একমাত্র চিকিৎসক এই বার্ন ইউনিটের দায়িত্বে ছিলেন, তিনি গত এপ্রিল মাসে মারা যাওয়ার পর থেকে বস্তুত সেখানে আর কোনো চিকিৎসক নেই। বরিশাল মেডিকেল কলেজের যে শিক্ষককে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি ছুটিতে আছেন দীর্ঘ ছয় মাস ধরে। দীর্ঘ সময় ধরে বার্ন ইউনিটটির চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে, অথচ কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক-সংকটের সমাধানের জন্য লোকবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হলো স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রকৃতপক্ষে তারা কখনোই বরিশাল মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের দিকে বিশেষ দৃষ্টি দেয়নি। এই ইউনিটে মোট চিকিৎসকের পদ ৮টি, কিন্তু কার্যক্রম শুরুর পর থেকে পাঁচ বছর ধরে সেখানে চিকিৎসক ছিলেন মাত্র একজন, সাতটি পদই সব সময় শূন্য ছিল। এ থেকেই বোঝা যায়, তাদের কাছে এই বার্ন ইউনিট কতটা অবহেলিত।

৩০ শয্যার বার্ন ইউনিট মাত্র একজন চিকিৎসক দিয়ে কখনোই ভালোভাবে চলা সম্ভব নয়। পাঁচ বছর ধরে আসলেই তা ভালোভাবে চলেনি। তবে তা সত্ত্বেও বরিশাল বিভাগের পোড়া রোগীরা সেখানে অন্তত ন্যূনতম চিকিৎসাসেবা পেতেন। দীর্ঘ সাত মাস ধরে সেটাও বন্ধ রয়েছে। এ অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সেখানে চিকিৎসক নিয়োগ দিয়ে পোড়া রোগীদের চিকিৎসার সুযোগ ফিরিয়ে আনা হোক। আসলে একজন নয়, সেখানে চিকিৎসকের যে ৮টি পদ খালি রয়েছে, প্রাথমিকভাবে তার অন্তত তিনটি পদে চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন।