বর্জ্য থেকে জৈব সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য থেকে জৈব সার তৈরি করে শহরের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কুষ্টিয়া পৌরসভা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা দেশের অন্য সব পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য অনুকরণীয় হতে পারে।

রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, কুষ্টিয়া পৌরসভা দুই বছর ধরে কঠিন বর্জ্য ও পয়োবর্জ্য থেকে জৈব সার উৎপাদন করে আসছে। যদিও এ সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৮ সালে। কুষ্টিয়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বারাদি এলাকায় মাঠের মধ্যে একটি কম্পোস্ট প্ল্যান্টে এ জৈব সার উৎপাদিত হচ্ছে। প্রতিদিন প্রায় ২ টন জৈব বর্জ্য ও ৯ হাজার লিটার পয়োবর্জ্য এখানে আনা হয়। পৌরসভার তত্ত্বাবধানে ৩৬টি ভ্যানের মাধ্যমে ১৪টি ওয়ার্ডের বাসাবাড়ি ও কাঁচাবাজার থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করা হয়, যার বেশির ভাগই তরকারি-জাতীয় বর্জ্য।

এ ছাড়া তিনটি ভ্যাকুটাগের (পয়োবর্জ্য সংগ্রহের জন্য ট্যাংকযুক্ত গাড়ি) মাধ্যমে সেপটিক ট্যাংক থেকে পয়োবর্জ্য সংগ্রহ করা হয়। পরে এসব বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে জৈব সারে রূপান্তর করা হয়। প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ টন জৈব সার উৎপাদিত হচ্ছে। গড়ে প্রায় ৬ টন বিক্রি হচ্ছে। বিভিন্ন ফুল ও সবজির চাষে এ জৈব সার ব্যবহৃত হচ্ছে এবং উৎপাদনও ভালো হচ্ছে। দামও নাগালের মধ্যে। কেজি ১২ থেকে ১৫ টাকা।

সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে জীবনযাত্রার যেমন আধুনিকায়ন ঘটেছে, তেমনি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি। অপ্রিয় হলেও সত্য যে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। সম্প্রতি ইউএনএফপিএর এক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্বের অন্যতম প্রধান দূষিত নগরী এবং বর্জ্য অব্যবস্থাপনা এর একটি বড় সমস্যা।

অপরিকল্পিত নগরায়ণের কারণ ঢাকায় বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানা। এসব ঘরবাড়ি ও শিল্পকারখানার বর্জ্য নিষ্কাশনের আধুনিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থা নেই। রাজধানীর কিছু এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ভালো হলেও বেশির ভাগ এলাকায় দেখা যায়, গৃহস্থালি বর্জ্যসহ নানা ধরনের বর্জ্য এখানে-সেখানে পড়ে থাকছে। এসব বর্জ্য পচে-গলে বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।

দেশের সবগুলো বড় শহরের প্রায় সবারই একই চিত্র। এসব শহরের সিটি করপোরেশন ও পৌরসভার মেয়ররা এ ক্ষেত্রে কুষ্টিয়া পৌরসভাকে অনুসরণ করতে পারেন। কুষ্টিয়া পৌরসভার উদ্যোগ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ক্ষেত্রে মেয়রদের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসতে হবে। এ ছাড়া কঠিন বর্জ্য ও পয়োবর্জ্যকে আর কী কী কাজে লাগানো যেতে পারে, সে সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সে বিষয়টিতেও সরকারকে মনোযোগ দিতে হবে।