বর্ণবাদ ও যুদ্ধবিরোধী এক মানবতাবাদীর প্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে বক্সিংয়ে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন কে? খুব কমসংখ্যক ক্রীড়াপ্রেমীই হয়তো দিতে পারবেন এ প্রশ্নের উত্তর। কিন্তু গত শতকের ছয় আর সাতের দশকে যে কাউকে এই প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতে হতো না। বিশ্ব মুষ্টিযুদ্ধের ইতিহাসে বড় অক্ষরে লিখে রাখা নামটি মোহাম্মদ আলী—এ কথা নির্দ্বিধায় বলা যায়।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স-এরিয়া হাসপাতালে মারা যান তিনি। অসাধারণ জনপ্রিয় ছিল রিংয়ে তাঁর মৌমাছি-নৃত্য। দুজন মুষ্টিযোদ্ধা হিংস্র চেহারা নিয়ে একে অন্যের দিকে ছুটে যাচ্ছেন, চোখেমুখে বন্য আক্রোশ—এই পরিচিত চেহারা থেকে মুষ্টিযুদ্ধকে নান্দনিক রূপ দিয়েছেন মোহাম্মদ আলী।
আলীর আরেকটি পরিচয় ছিল তাঁর হুলফোটানো মুখের কথায়। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে নানা ধরনের উক্তি করে প্রতিযোগিতার আগেই একটি মানসিক যুদ্ধের আবহ তৈরি করে রাখতেন তিনি। অলিম্পিক-শ্রেষ্ঠ হওয়ার পর যখন তিনি হেভিওয়েট মুষ্টিযুদ্ধের তকমার লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন তাঁর বয়স মাত্র ২২ বছর। ১৯৬৪ সালে প্রবল প্রতাপশালী মুষ্টিযোদ্ধা সনি লিস্টনকে পরাজিত করে তিনি পান বিজয়ীর মুকুট।
এর তিন বছর পর ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়ার নির্দেশ এলে তিনি তা পালন করেননি, ফলে তাঁর খেতাব কেড়ে নেওয়া হয়। এ সময় তিন বছর তিনি আর পেশাদারি মুষ্টিযুদ্ধে অংশ নিতে পারেননি। এ সময় সারা বিশ্বের মানবাধিকারকর্মীরা আলীর
পাশে এসে দাঁড়ান। বর্ণবাদবিরোধী এবং নাগরিক অধিকার রক্ষার সংগ্রােমও তাঁর ভূমিকা ছিল উদ্দীপকের।
১৯৭৪ সালে জর্জ ফোরম্যানকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। ১৯৭৮ সালে বাংলাদেশ সফরে আসার আগে স্পিংসের কাছে টাইটেল হারান। এরপর আরও একবার তিনি চ্যাম্পিয়ন হন। বয়স যখন তাঁর ক্ষিপ্রতা কেড়ে নিতে শুরু করে তখন তিনিও সরতে থাকেন মুষ্টিযুদ্ধ থেকে। কিন্তু অবসরের পরও মানুষের মনে ছিল তাঁর অক্ষয় অবস্থান।
শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবীর মানুষই আলীতে মুগ্ধ। বাংলাদেশিদের কাছে তিনি অতি আপন একজন। ভক্তদের কাছে সর্বকালের সেরা ক্রীড়াবিদ আলী। বিদায় আলী। বিদায় সর্বকালের সেরা ক্রীড়াবিদ।