সরকারের নীতিনির্ধারকেরা জনসংখ্যা বৃদ্ধিকে তেমন সমস্যা মনে না করলেও অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীদের মতে, এটাই দেশের এক নম্বর সমস্যা। আর্থসামাজিক ও পরিবেশের ওপর এর নেতিবাচক প্রভাব যে সুদূরপ্রসারী, তাঁরা তা স্বীকারই করতে চান না।
স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জনসংখ্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বাংলাদেশের জনঘনত্ব ভারতের চেয়ে চার গুণ এবং চীনের চেয়ে আট গুণ বেশি। নগররাষ্ট্র সিঙ্গাপুর ছাড়া এত বেশি জনঘনত্বের দেশ দ্বিতীয়টি নেই। বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১০০-এর বেশি মানুষ বাস করে।
গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে দেশের লোকসংখ্যা ১৫ কোটি ৮৫ লাখ (অন্য সূত্রমতে, ১৬ কোটি ২৭ লাখ)। এর মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৬১ লাখ। যেকোনো দেশে অকর্মক্ষম মানুষের চেয়ে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হলে তারা বর্ধিত জনসংখ্যার সুবিধা পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশ কী সেই সুবিধা নিতে ব্যর্থ হয়েছে। পদাধিকারীরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার পক্ষে আওয়াজ তুললেও সেটি কীভাবে করা হবে, তঁাদের নীতি-পরিকল্পনায় তা নেই। যখন আমরা মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি, তখন বেকারত্বের হার বাড়ছে। এই বৈপরীত্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে শ্রমশক্তির সংখ্যা ৬ কোটি ২১ লাখ, শ্রমশক্তির বাইরে ৪ কোটি ৪০ লাখ। এর মধ্যে কাজে আছে ৫ কোটি ৯৫ লাখ, আর বেকার ২৬ লাখ। ১৫-১৯ বছর বয়সী যুব শ্রমশক্তি ২ কোটি ৮ লাখ, বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশ। বেসরকারি সংস্থার হিসাবে বেকারের সংখ্যা আরও অনেক বেশি। অন্যদিকে শ্রমশক্তির অংশগ্রহণের হার ৫৮ দশমিক ৫ শতাংশ। খণ্ডকালীন বেকার ১৮ লাখ, সম্ভাবনাময় শ্রমশক্তি ২৭ লাখ।
এই পরিসংখ্যান আমাদের আশার আলো দেখায় না, বরং ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত দেয়। ২০১০-১৩ সালে যেখানে আমরা ৪০ লাখ লোকের কর্মসংস্থান করতে পেরেছি, ২০১৩-১৫তে তা নেমে এসেছে ১৪ লাখে। অথচ এ সময়ে প্রবৃদ্ধি বেড়েছে। আরও উদ্বেগের বিষয় হলো, দেশে উচ্চশিক্ষিত বেকারের হারই বেশি।
তাই, বর্ধিত জনসংখ্যা নিয়ে আহ্লাদিত না হয়ে জন্মহার সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সমন্বিত ও টেকসই পদক্ষেপ নিন।