বর্ষবরণে নারী লাঞ্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার ঘটনার তদন্ত কার্যক্রম থেমে থাকার খবর নির্দেশ করে যে পুলিশ প্রশাসনের রুটিন আচরণেও পরিবর্তন এসেছে। আপাতদৃষ্টিতে নারী লাঞ্ছনার ঘটনার সঙ্গে কোনো দলীয় বা রাজনৈতিক বিষয় জড়িত ছিল না। পুলিশ বিভাগের সাধারণ পেশাদারি কাজের অংশ হিসেবেই এই আলোচিত ঘটনাটির তদন্ত সম্পন্ন করার কথা। ঘটনার পর ডিএমপি কমিশনার বলেছিলেন, সেখানে যা ঘটেছে তা সবই পুলিশের ১৩১টি ক্যামেরায় ধারণ করা আছে। অথচ এখন তদন্ত থমকে থাকার যুক্তি হিসেবে তদন্ত কমিটির একজন সদস্য দাবি করেছেন, ‘অপরাধীদের ধরিয়ে দিতে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। ঘটনার শিকার কোনো নারীও এগিয়ে আসেননি।’ এই মন্তব্য যদি প্রতিনিধিত্বশীল হয়ে থাকে, তবে আর সন্দেহ থাকে না যে যাঁদের দিয়ে তদন্ত কমিটি হয়েছে, তা সঠিক হয়নি। এই কমিটিকে আরও সাত দিন বাড়িয়ে দেওয়া খামাখা, তার চেয়ে অবিলম্বে উপযুক্ত ব্যক্তিদের দিয়ে কমিটি পুনর্গঠন করা উচিত হবে।
বর্ষবরণে নারী লাঞ্ছনার তদন্ত থেমে আছেজনগণের তরফে সাড়া না দেওয়া এবং ভুক্তভোগীদের কেউ কেন এগিয়ে আসেনি, সেটা পুলিশ বিভাগের আত্মজিজ্ঞাসার একটা উপলক্ষ হিসেবে গণ্য করাই সমীচীন হবে। ধারণা করা অমূলক হবে না যে পুলিশকে সাধারণভাবে আর শান্তিপ্রিয় জনগণের বন্ধু হিসেবে ভাবা হয় না। সাম্প্রতিক বছরগুলোতে পুলিশের ভাবমূর্তি এতটাই কলুষিত হয়েছে যে একান্ত ঠেকায় না পড়লে মানুষ পারতপক্ষে সাহায্যের জন্য তাদের কাছে যায় না। তারা সাধারণভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। বর্ষবরণের দিনে পুলিশের ১৩১টি ক্যামেরার সামনে দুর্বৃত্তদের অভাবনীয় তাণ্ডবই প্রমাণ করে যে ক্যামেরাকেও তারা পাত্তা দেয় না। যে ক্যামেরা তাদের নিবৃত্ত করতে পারে না, সেটা মানুষের কাছে লোক দেখানো বলেই বিবেচিত হবে। আর বাহিনী হিসেবে যে পুলিশ প্রায় অকার্যকর হয়ে পড়ছে, সে কথাও অস্বীকার করার উপায় নেই। এতে সমাজে অপরাধীদেরই দৌরাত্ম্য বাড়ে।
বর্ষবরণের দিনে নারী লাঞ্ছনা জাতির জন্য যতটা লজ্জাজনক, তার চেয়েও বেশি বেদনাদায়ক হলো অপরাধীদের শনাক্ত করতে না পারা। অতএব যেকোনো মূল্যে অপরাধীদের ধরে বিচারের আওতায় আনতেই হবে।