বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় আলোড়িত হয়েছিল দেশ। ধিক্কার উঠেছিল, বিচারের দাবিতে সরব হয়েছিল সমাজ। সেই ঘটনার প্রায় আট মাস পর পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে কাউকে শনাক্ত ও আটক করার উল্লেখ নেই! এত বড় ঘটনার এমন শোচনীয় ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে অন্তত ২০ জন নারী সেদিন যৌন হয়রানির শিকার হন। এর মধ্যে ১০ বছরের শিশুও ছিল। ঘটনাস্থলের দিকে তাক করা তিনটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছিল, বাধাদানকারী ছাত্র ইউনিয়ন নেতাদের সাক্ষ্য ছিল, মাত্র ২০ হাতের মধ্যে পুলিশের উপস্থিতি ছিল। এমনকি পুলিশের তরফে আট আসামিকে শনাক্ত করার দাবিও ছিল। তঁাদের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ করে ধরিয়ে দেওয়ার জন্য মাথাপিছু এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। অথচ চূড়ান্ত পর্যায়ে সম্পূর্ণ নিষ্ফল তদন্ত প্রতিবেদন দেওয়া হয় কীভাবে?
ওই ঘটনায় ছাত্ররা পাঁচ নিপীড়নকারীকে ধরে পুলিশের হাতে সোপর্দও করেছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদ ও পরিচয় উদ্ঘাটন ছাড়াই তঁাদের ছেড়ে দেওয়া হয়। সে সময় একাধিক পুিলশ কর্মকর্তা দাবি করেছিলেন, ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো যৌন হয়রানির ঘটনা ঘটেনি। অথচ মুঠোফোনে ধারণ করা কয়েকটি ঘটনার ভিডিও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। পুলিশের এ রকম দায়িত্বহীনতা ও গাফিলতির শেষ নিদর্শন হলো, আসামিদের শনাক্ত ও আটক করার ব্যর্থতা এবং নিষ্ফল চূড়ান্ত প্রতিবেদন দাখিল। এই প্রতিবেদন অগ্রহণযোগ্য। আমাদের আশা, আদালত এই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে নতুন করে তদন্তের নির্দেশ দেবেন।
স্পর্শকাতর ও ব্যাপক মাত্রার যৌন নিপীড়নের এই ঘটনার প্রতিকার হতেই হবে। উৎসবে ও জনসমাগমে নারীর নিরাপত্তা নিশ্চিত করায় এটা জরুরি।