বর্ষায় শিশুদের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম তিন ধরনের অপমৃত্যুরও মৌসুম—বজ্রপাত, পানিডুবি ও সাপে কাটা। তিনটির হার ক্রমেই বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন জায়গায় পানিতে ডুবে ও সাপের দংশনে মৃত্যুর খবর গণমাধ্যমে আসছে। অথচ সতর্ক থাকলে এ ধরনের মৃত্যু এড়ানো খুবই সম্ভব। কিন্তু সাধারণ মানুষের মতো সরকারও যেন এসব মৃত্যুকে নিয়তি হিসেবে গ্রহণ করেছে। অন্তত সড়কে বা নৌপথে দুর্ঘটনায় মৃত্যু নিয়ে যতটা কথাবার্তা হয়, পানিতে ডুবে ও সাপে কাটায় মৃত্যু নিয়ে তত কথা হয় না। 

কোভিড-১৯-এর জরুরি পরিস্থিতির কারণে স্কুল-কলেজ এবং অনেক কার্যালয় বন্ধ। শিশু-কিশোরেরা অনেকেই গ্রামের বাড়িতে দীর্ঘ ছুটি কাটাচ্ছে। গবেষণা থেকে পরিষ্কার যে সারা বছর যত শিশু পানিতে ডুবে মারা যায়, তার প্রায় ৩৫ শতাংশ মারা যায় বিভিন্ন লম্বা ছুটির সময়। আরও জানা যায় যে এসব মর্মান্তিক ঘটনার সময় শিশুদের মা বা তত্ত্বাবধায়ক এক শ গজ দূরত্বের মধ্যেই ছিলেন। বেশির ভাগ ঘটনা ঘটছে দুপুর ১২টা থেকে বেলা তিনটার মধ্যে, অর্থাৎ মায়েরা যখন ঘরকন্নার কাজে ব্যস্ত থাকছেন। বেশির ভাগেরই বয়স চার বছরের নিচে। তবে যেখানে একসঙ্গে দু-তিনজন বা তার বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে, সেখানে পাঁচের বেশি বয়সী শিশুরাও আছে। প্রায় সব ক্ষেত্রে একটু বড় শিশুরা উদ্ধার করতে গিয়ে নিজেরাও মারা যাচ্ছে। আরেকটি ভয়ংকর সত্য তথ্য হচ্ছে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা ছাড়া স্বাস্থ্যকর্মীদের আর কিছুই করার থাকে না। আসলে ডুবে যাওয়া মানুষের চিকিৎসার কোনো প্রটোকল বা বিজ্ঞানসম্মত চিকিৎসাপ্রক্রিয়া তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে প্রচার ও অনুসরণ করা হয় না। 

একই কথা সাপে কাটার বিষয়েও। বর্ষার কারণে সাপ আশ্রয়ের সন্ধানে মানুষের ঘরবাড়ি-ভিটায় উঠে আসছে। এ থেকেও সাপে কাটার মৃত্যু ঘটছে। যেখানে নিকটস্থ হাসপাতালে এর চিকিৎসা আছে, সেখানে প্রাথমিক ব্যবস্থা নেওয়ার পর হাসপাতালে না নিয়ে ওঝা-বদ্যিকে ডাকা হয়। ফলে মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। যেখানে সচেতনতা দিয়েই এ ধরনের মৃত্যুর হার কমানো যায়, সেখানে সরকার ও গণমাধ্যমে যথেষ্ট প্রচারণা দরকার। বড়রাও যেন এ সময়ে শিশুদের দিকে খেয়াল রাখেন, বেশিক্ষণ চোখের আড়াল না করেন। বর্ষা মৌসুম গ্রামীণ শিশুদের জন্য অনিরাপদ—এ বার্তা সবার কাছে পৌঁছানো হোক।