বসন্ত বিদায় ও বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত বিদায় নিয়ে গ্রীষ্ম সমাগত। তবু কী আনন্দ ভোরের মিঠে হাওয়ার আলতো ছোঁয়ায়। চারদিকে ফুরফুরে বাতাস, রাতের আকাশে প্রকাণ্ড চাঁদ। চাঁদের বড় সাধ ঝিলের টলটলে জলের আয়নায় মুখ দেখবে সারা রাত। কিন্তু তা আর হলো কই? ‘বসন্তের মাতাল সমীরণে’ ঝিল যে বারবার কেঁপে ওঠে, ভেঙে চৌচির হয়ে যায় জলের আয়নায় ডুবে থাকা সোহাগি চাঁদ। ভালোবাসবে অথচ ভাঙবে না—তা কি হয়? হয়েছে কখনো! তবু বসন্ত রাতে চাঁদ বারবার ঝাঁপ দেয় ঝিলের বুকে; করুণ পরিণাম নিশ্চিত জেনেও। যে দেশে ২৫ শতাংশ বনভূমি থাকার কথা, সেখানে বনভূমি আছে ১০ শতাংশেরও কম। সামান্য যেটুকু বনজঙ্গল রাজধানীর আশপাশে ধুঁকে ধুঁকে বেঁচে ছিল, আজ তার অনেকটাই হারিয়ে গেছে গৃহায়ণ, শিল্পায়ন অথবা নগরায়ণের তাগিদে। বাকিটুকু গেছে ভূমিখোরদের পেটে। তবে সুখের বিষয়, এবার জ্যোৎস্না রাতে ক্লিষ্ট নগরবাসী বনে না হলেও হাতিরঝিলের নির্মল পরিবেশে হাঁফ ছাড়ার সুযোগ পাবেন।বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের দুধারি তলোয়ার বিশ্বের মাথার ওপর ঝুলছে অথচ শক্তিধর উন্নত বিশ্বের কুম্ভকর্ণ ঘুম যেন ভাঙতেই চায় না। বৈশ্বিক উষ্ণতার আক্রমণে পৃথিবীর আবহাওয়া-চক্র এখন টালমাটাল। বিজ্ঞানীদের আশঙ্কা, ক্রমাগত পৃথিবীর তাপ বেড়ে চললে অদূর ভবিষ্যতে গ্রীষ্ম ও বর্ষা ঋতু অনাবশ্যক প্রলম্বিত হবে। আর এর প্রভাবে বসন্তকাল সংক্ষিপ্ত হতে হতে একদিন মুছে যাবে পৃথিবী থেকে। পত্রিকায় এমন সর্বনেশে ভবিষ্যদ্বাণী পড়ে শুধু একটাই অসহায় প্রতিক্রিয়া হয়—সময় থাকতে মানুষের শুভবুদ্ধির উদয় হোক, যাতে এই ভয়াবহ অবস্থা মানবজাতির সম্মিলিত প্রচেষ্টায় পিছু হটে যায়। নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের একটি সদ্য প্রকাশিত বই পড়ে জানলাম, স্কুলজীবনে ক্লাসের পরীক্ষায় ‘প্রিয় ঋতু’ রচনা লিখতে গিয়ে শীতকালের কথা লিখেছিলেন তিনি। খাতা দেখে শিক্ষক মৃদু ভর্ৎসনা করে উপদেশ দিলেন, শীত বা অন্য কোনো ঋতু নয়, পরীক্ষার খাতায় বসন্তকেই প্রিয় ঋতু হিসেবে ছাত্রদের বেছে নেওয়া যথাযথ হবে। কারণ, একমাত্র বসন্তই ঋতুর রাজা। পরের পরীক্ষায় আর এমন ভুল করেননি হুমায়ূন আহমেদ। বসন্ত ঋতু নিয়ে লিখে শিক্ষকের প্রচুর বাহবা পেয়েছিলেন বলে লিখেছেন তিনি। দুই.কালিদাস বসন্তকে রাজার আসনে বসিয়ে উচ্ছ্বাসভরে ঋতুরাজের বন্দনা করেছেন তার ঋতুসংহার কাব্যে। উপমা, অলংকারের উজ্জ্বল মালায় যে বসন্তকালের ঐশ্বর্যপূর্ণ আবির্ভাব তাঁর লেখনীতে। রবীন্দ্রনাথ কিন্তু মাত্র দুটি নিরাভরণ সহজ-সরল পঙিক্ততে বসন্তের রূপ, মাধুর্য সব ফুটিয়ে তুলেছেন তীক্ষ পরিমিতিবোধ ও অসাধারণ শৈল্পিক মাধুর্য দিয়ে— ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।’পাখির গানের কথায় বসন্ত ঋতুর গায়ক পাখিদের কথা না বললেই নয়। এদের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, দেখতে কেউ কেউ কোকিলের চেয়ে ঢের সুশ্রী, তবু কোকিলের কপালেই জুটেছে বসন্তের দূতের শিরোপা—সম্ভবত কোকিলের মতো এমন একটানা তীব্র সুরেলা অথচ ঈষৎ বিষাদমাখা গলা বোধ হয় আর কোনো প্রাণীর নেই। আনন্দের বিষয় যে দেদার বৃক্ষনিধনের পরও রাজধানী ঢাকায় আজও কোকিলের ডাক শোনা যায়। ঢাকার ইট-পাথরের জঙ্গলে ‘মাঘ-নিশীথের কোকিল’ কথাটাও অতিশয়োক্তি নয়। আবাসিক এলাকায়, পার্কে যেখানে কিছু গাছপালা আর জলাশয় রয়ে গেছে, সেসব এলাকায় মাঘ রাতের শেষ প্রহরে হঠাৎ কোকিলের সংক্ষিপ্ত ডাক শোনা যায়। তবে তাকে কুহুতান বলা ঠিক হবে না। সে আকুল ডাকে আনন্দের চেয়ে তীব্র বেদনাই যেন বেশি। তিন.এশিয়ার অনেক দেশেই বসন্তকালে নতুন বছরের শুরু হয়। প্রাচীনকাল থেকেই বর্ষবরণের উৎসব অনুষ্ঠিত এই ঋতুতে—প্রকৃতির উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে। ইরানে নববর্ষ বা নওরোজের উৎসব হয় বসন্তকালে। তাদের দেখাদেখি মোগল সম্রাটরা এ দেশে নওরোজ বা নববর্ষের উৎসব শুরু করেন প্রচুর জাঁকজমকের সঙ্গে। সম্রাট আওরঙ্গজেব নওরোজ উৎসবকে বিদাত মনে করতেন। সিংহাসনে বসে তিনি বসন্তকালের নওরোজ উৎসব তুলে দিয়েছিলেন। আমাদের দেশে একসময় বর্ষবরণের সঙ্গে বর্ষবিদায়ের উৎসবও হতো ঘটা করে। আর সেই উৎসব হতো বসন্ত ঋতুর শেষ মাথায়—চৈত্র মাসের শেষ দিনে, যখন নতুন আর পুরোনো উভয় বছরের সংক্রমণ হয় একই সঙ্গে। চৈত্রসংক্রান্তি যেন মনে করিয়ে দেয় বর্ষচক্র ঘুরে একটি বছরের শেষ হলো—সঙ্গে সঙ্গে শুরু হলো নতুন বছরের সূচনা। চৈত্রসংক্রান্তির চড়ক উৎসব ও গাজনের কথা এখনো মনে পড়বে অনেকেরই। চড়ক ঔপনিবেশিক আমলেই শেষ হয়ে গেছে। গাজন আর তেমন চোখে পড়ে না। চৈত্রসংক্রান্তি অবশ্য এখনো টিকে আছে কিছুটা, চৈত্রের কাঠফাটা রোদ আর ঝরাপাতাই আমাদের চোখে পড়ে। কিন্তু ভেবে দেখি না এই মাসের বুকেই লুকিয়ে আছে বর্ষবিদায় আর নতুন বছরের সম্ভাবনা। শহরে এখন পলাশ আর শিমুল কদাচিৎ চোখে পড়ে। তবে ধুলোভরা পাতাকে ছাপিয়ে ফোটা অজস্র আমের মুকুলে চোখ জুড়িয়ে যায়। সবুজ পাতা যেন চোখেই পড়ে না। দু-চারটি রক্তকাঞ্চনের দেখাও মেলে হঠাৎ হঠাৎ। এসব দেখে ‘লহো এ নগরী, দাও ফিরে সে অরণ্য’ বলাটা যে বাড়াবাড়ি হয়ে যাবে, তা সবাই বুঝি। তবু বলতে ইচ্ছে হয়, ষাটের দশকের ঢাকা শহরের যে কটি গাছ এখনো অবশিষ্ট আছে, যে কটি ফুটপাত এখনো নাগরিক অধিকারের প্রায় লুপ্ত সাক্ষী হয়ে টিকে রয়েছে—থাকুক না ওরা যেমন আছে। ভোরের মিষ্টি রোদ গায়ে মেখে গাছের তলা দিয়ে নিরাপদে হাঁটার আনন্দটুকু না হয় টিকে থাকুক আরও কটা দিন। প্রকৃতির এই সামান্য কটি শুভাশিস আগামী প্রজন্মের জন্য যদি তোলা থাকে—তাতে ক্ষতি কী? বসন্ত বিদায় আর বর্ষবিদায় একই সুতোয় গাঁথা—এই যুগল বিদায়লগ্নে আসছে প্রজন্মের জন্য এই সামান্য অঙ্গীকারটুকু সবার চেতনায় পুষ্পিত হয়ে উঠবে—এটুকু আশা মনে জাগতেই পারে। কত দিন গ্রামে যাওয়া হয়নি। পুবের মাঠের খেজুরগাছগুলো এখনো রস দেয় কি না, সে খবর জানি না। বাড়ির পেছনের বাঁশঝাড়ে সেই ধলা পাখি, না বকগুলো এবার বাসা বেঁধেছে কি? পশ্চিম পাড়ার শিমুলগাছটা কাটা পড়েনি তো? কে জানে। তবে আর কেউ জানুক না জানুক, বসন্তের দখিনা বাতাস ঠিক জানে। মাহবুব আলম: লেখক ও সাবেক রাষ্ট্রদূত।[email protected]