বস্তি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজধানীতে বাসস্থান উচ্ছেদের ঘটনা বিতর্কের জন্ম দিয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার কল্যাণপুরের পোড়া বস্তিতে আংশিক উচ্ছেদ ও অগ্নিসংযোগ করা হয়। আর এটা করা হয়েছে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে। অভিযোগ আছে, স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সঙ্গে ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন।
পোড়া বস্তির জমিটি সরকারের হলেও ক্ষমতাসীনদের প্রশ্রয়েই অবৈধভাবে বস্তি বসিয়ে ভাড়া আদায়ের ব্যবসা চলছিল। এখন তাঁদেরই লোকজন আবার বস্তি উচ্ছেদে নেতৃত্ব দিচ্ছেন। সরকারি সংস্থাগুলোর ভাবা দরকার ছিল, হঠাৎ শত শত পরিবারকে পথে নামিয়ে দেওয়া যায় না। আদালতের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় এটা করা বেআইনি। আদালতের আদেশ আসার পাঁচ ঘণ্টা পর পুলিশের উচ্ছেদ অভিযান থামলেও রহস্যজনক আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি ঘর ও তার বাসিন্দাদের সহায়-সম্পদ। এগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।
এতগুলো দরিদ্র শ্রমজীবী পরিবার। মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কোথাও তাঁরা ঘর ভাড়া পাবেন না। এই তীব্র শীতে নারী-শিশু-বৃদ্ধরা এখন কোথায় যাবেন? এ উচ্ছেদে স্থানীয় সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসন কিংবা জনপ্রতিনিধিরা কি পারতেন না বিষয়টার শান্তিপূর্ণ মীমাংসা করতে? বস্তি উচ্ছেদ বিষয়ে উচ্চ আদালতের কিছু নির্দেশনা রয়েছে, সেগুলো পালনের কোনো বাধ্যবাধকতাই কি নেই?
রাজধানীর বস্তিবাসীরা দারিদ্র্যের কশাঘাতে নিরুপায় হয়ে বস্তিতে ঠাঁই নিয়েছেন। এঁরা দেশের উন্নয়নগাথার বাইরে পড়ে থাকা জনগোষ্ঠী। অথচ এঁদের ছাড়া রাজধানীর কর্মজীবন অচল। যে দেশে সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি, জমি এবং বিভিন্ন পেশার মানুষকে ফ্ল্যাট ও ঋণসুবিধা দেওয়া হয়, সেই দেশে গরিবদের আবাসনের প্রতিশ্রুতি কি নিছকই কথার কথা?
আমরা আশা করব, নয়াদিল্লি ও ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের মতো ঢাকায়ও বস্তিবাসীর অধিকার স্বীকৃত হবে। আশা করব, উন্নয়নের ছোঁয়া তাঁদের জীবনেও লাগবে এবং তাঁদের আবাসনের মানবিক বন্দোবস্ত সরকারই করবে।