বস্তিতে অগ্নিকাণ্ড ও প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার দিবাগত ভোররাতে রাজধানীর হাজারীবাগের বৌবাজার বস্তিতে যে অগ্নিকাণ্ডে ১১ জন শিশু ও নারী নিহত হয়েছেন, তেমনটি ঘটে প্রায়ই। বছরে অন্তত একটি এ রকম ব্যাপক বিধ্বংসী অগ্নিকাণ্ডে জাতীয় ট্র্যাজেডি নেমে আসে। ১১ জন মানুষ স্রেফ পুড়ে মারা গেছে; তাদের মধ্যে তিন, চার, ছয় ও তেরো বছর বয়সী শিশুও আছে এবং অন্যরা নারী—এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে? এমন মানবিক বিপর্যয়ের শোক ভাষায় প্রকাশ করা কঠিন; এবং কোনো মাত্রার শোক প্রকাশই যথেষ্ট হয় না।বস্তিগুলোতে নিম্ন আয়ের মানুষেরা যে ঘনবদ্ধ অবস্থায় বসবাস করে, তাতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার সূত্রপাত হলে খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি হওয়ার আশঙ্কা থাকে। সহজে বা দ্রুতগতিতে আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয় না। নারী ও শিশুরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে না পারলে প্রাণহানি ঘটে। বৌবাজারের অগ্নিকাণ্ডে দুঃখজনকভাবে সেটাই ঘটেছে: ১১ জন নারী-শিশু দুটি জায়গায় আটকা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে তিনটা থেকে ভোর পৌনে পাঁচটা পর্যন্ত পুরো দুই ঘণ্টা ধরে আগুন জ্বলেছে বৌবাজার বস্তিতে। ফায়ার সার্ভিস যথাসময়ে খবর পায়নি, খবর পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বস্তি এলাকায় ফায়ার সার্ভিসের যান চলাচলে প্রতিবন্ধকতা অনেক। বৌবাজারের অগ্নিকাণ্ডে তাই ক্ষতির মাত্রা ব্যাপক: পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৭০০টি ঘর, ২০টির মতো দোকান।রিকশার একটি গ্যারেজে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়েছে। এ থেকে বোঝা যায়, বস্তিগুলো কতটা অরক্ষিত। মশার কয়েল জ্বালানো ও ধূমপান করার সঙ্গে অগ্নিকাণ্ডের ঝুঁকির সম্পর্ক রয়েছে বটে, কিন্তু বস্তিগুলোতে সেই ঝুঁকি যেন কয়েক গুণ বেশি বিপদ নিয়ে ঘাপটি মেরে থাকে। এমনিতে মশার কয়েল বা সিগারেট থেকে জ্বলা আগুন সহজে ও চটজলদি নিভিয়ে ফেলা যায়; কিন্তু বস্তির ভেতরে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে খুবই দ্রুত। বৌবাজারে সেটাই ঘটেছে।বৌবাজারের অগ্নিকাণ্ডে ১১ নারী-শিশুর মৃত্যুর কয়েক ঘণ্টা পর ঘটনাক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বত্তৃদ্ধতায় তিনি জানান তাঁর সরকার এই বিভাগটির উন্নয়ন, আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে কী কী পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছে। বৌবাজারের ট্র্যাজেডির জন্য তিনি শোক প্রকাশ করেছেন, ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন। সবই যথাযথ; কিন্তু ঢাকার বস্তিগুলোতে এ ধরনের মর্মান্তিক অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করার, অন্তত হ্রাস করার কার্যকর উপায়গুলো কী হতে পারে, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা জরুরি। আগুন লাগার পর তা দ্রুত নিভিয়ে ফেলার সামর্থ্য ও দক্ষতা বাড়ানো অবশ্যই জরুরি, তবে বস্তিগুলোতে এমন অগ্নিকাণ্ড যেন না ঘটে, তা নিশ্চিত করা আরও বেশি জরুরি।