সরকারের হাত আর এনজিওগুলোর দৃষ্টি যাদের কাছে প্রায় পৌঁছায়ই না, তারাই বস্তিবাসী। বস্তিবাসীরা মৌলিক সব সেবা থেকে বঞ্চিত। যেখানে বঞ্চনা বেশি সহায়তা সেখানেই বেশি হবে, কিন্তু বস্তিবাসীদের বেলায় যেন উল্টো।
যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠান (আইডিএস) স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহায়তায় দেশের কয়েকটি বিভাগের কিছু বস্তিতে অনুসন্ধান চালায়। দেখা যায়, বস্তির জীবনমানের মৌলিক ক্ষেত্রগুলোতে গুরুতর ঘাটতি রয়েছে এবং তা মেটানোয় এগিয়ে আসছে না সরকারি ও বেসরকারি সংস্থা। একদিকে বাংলাদেশ যখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা সামাজিক সেবা খাতে ভারতের চেয়েও এগিয়ে থাকছে, তখনই দেখা যাচ্ছে প্রদীপের নিচে গাঢ় অন্ধকার!
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকার প্রায় এক-তৃতীয়াংশের বেশি মানুষের বসবাস বস্তিতে। চট্টগ্রাম, খুলনা, বগুড়া, নারায়ণগঞ্জের মতো শহরের অবস্থাও অনুরূপ। মূলত সারা দেশের উন্মূল ভূমিহারা, বেকার, জলবায়ুদুর্গতরাই নগরের বস্তিতে ঠাঁই নিয়ে জীবিকার ব্যবস্থা করেন। কিন্তু বস্তিতে বসবাস মানে পানি, টয়লেট, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের বাইরে পড়ে যাওয়া। এতে সবচেয়ে ভোগে শিশু ও নারীরা। তাদের স্বাস্থ্য, শিক্ষা ও পয়োসুবিধা নেই বললেই চলে। এমনকি বস্তির ঘরভাড়া সাধারণ মধ্যবিত্ত এলাকার চেয়েও বেশি!
সরকারি সেবা কর্মসূচিতে মোটামুটি স্থায়ী নিবাসী এবং নির্দিষ্ট শ্রেণিবর্গের সুবিধার দিকে লক্ষ রাখা হয়। বেসরকারি সাহায্য সংস্থাগুলোরও সেদিকেই মনোযোগ। হয়তো বস্তিবাসীদের জন্য লক্ষ্যভিত্তিক কর্মসূচি নিয়ে কৃতিত্বের পরিসংখ্যান হাজির করায় সমস্যা হয়। কিন্তু সেবার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সরকারি বা বেসরকারি সংস্থাগুলোর উচিত, বস্তিবাসীদের নিয়ে কার্যকর সেবা কর্মসূচি উদ্ভাবন করা।
বিপুলসংখ্যক বস্তিবাসীকে এড়িয়ে সরকারি-বেসরকারি কর্মসূচির সার্বিক অগ্রগতি অসম্ভব। কয়েক কোটি নগর দরিদ্রের অবস্থা সামাজিক টাইমবোমার মতো, উপেক্ষার চরম দশায় যা হয়তো বিস্ফোরিত হবে। এ নিয়ে গবেষণা-আলাপ যত হয়, কাজ শুরু হয় না কেন—তার উত্তর সংশ্লিষ্টদেরই দিতে হবে।