বস্তিবাসীর ফ্ল্যাটে নগর ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী ফ্ল্যাট নির্মাণকাজ শেষ হলেও নতুন মেয়র আ জ ম নাছির বলেছেন, এই মুহূর্তে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া যাবে না। সেখানে নগর ভবনের অফিস স্থানান্তর করা হবে। মেয়রের এই যুক্তি একেবারেই গ্রহণযোগ্য নয়। বর্তমান নগর ভবন সংস্কার বা ভাঙার প্রয়োজন হলে বিকল্প অন্য কোনো ভবনে তারা অফিস স্থানান্তর করতে পারে। আগ্রাবাদে সিটি করপোরেশনের মার্কেটের একটি তলা বর্তমানে খালি আছে। সেখানে নগর ভবন স্থানান্তর করাই হবে সমীচীন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বস্তিবাসীদের ফ্ল্যাট ভেঙে নগর ভবনের অফিস করা হলে দুবার সেখানে ভাঙচুর করতে হবে। এটি অনেকটা মধ্যযুগের শাসক তুঘলকের মতো। কোনো অবস্থায় নগর কর্তৃপক্ষ বস্তিবাসীদের সঙ্গে যেই চুক্তি করেছে, তা বরখেলাপ করতে পারে না। সিটি করপোরেশনের মেয়র বদলের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদল হতে পারে না।

অতএব, চট্টগ্রাম সিটি মেয়রের প্রতি আহ্বান থাকবে গরিব মানুষের ন্যায্য পাওনা তাঁদের ফ্ল্যাট থেকে বঞ্চিত করবেন না। তিনি যে বলেছেন, চার বছর পর বরাদ্দপত্ররা ফ্ল্যাট পাবেন, তারই বা কী নিশ্চয়তা আছে। তখন যদি অন্য কোনো মেয়র এসে তাঁর সিদ্ধান্ত উল্টে দেন তখন কী হবে?

বস্তির দিন আনা দিন খাওয়া যেসব মানুষ কষ্ট করে টাকা জমিয়ে সিটি করপোরেশনকে দিয়েছেন, তাঁদের অবিলম্বে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হোক। নতুন মেয়রের আমলে সেটি অন্তত একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।