নদীগর্ভে বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়াকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্তাব্যক্তিরা প্রায়ই ‘প্রাকৃতিক দুর্যোগের স্বাভাবিক পরিণতি’ হিসেবে চিত্রিত করে থাকেন। অথচ বিজ্ঞানভিত্তিক আজকের দুনিয়ায় সরকার আন্তরিক হলে এবং সময়োপযোগী ব্যবস্থা নিলে নদীভাঙনও নিয়ন্ত্রণ করা সম্ভব। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর ভাঙন ঠেকাতে যে সরকারি প্রকল্পের কাজ চলছে, তা ঠিকমতো চললে বহু মানুষ বিপর্যয়ের হাত থেকে বেঁচে যেত। কিন্তু বাঁধের কাজের ধীরগতি প্রতিরোধযোগ্য প্রাকৃতিক দুর্যোগকে যেন উল্টো অবশ্যম্ভাবী করে তুলছে।
যমুনা তীরবর্তী দুর্গম চর সারিয়াকান্দি উপজেলার হাটবাড়ি, দলিকা, মানিকদাইড় থেকে পাকুরিয়ার চর হয়ে ধারাবর্ষার চর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশে কয়েক বছর ধরে ভাঙন চলছে। তীব্র ভাঙনের কবলে পড়েছে টেংরাকুড়া থেকে পাকুরিয়া হয়ে শনপচার চর পর্যন্ত অংশ। ভাঙনে মানুষ দিশাহারা হয়ে পড়েছে।
৫৮৪ কোটি টাকা ব্যয়ে পাকেরদহ থেকে শনপচা পর্যন্ত ৬ দশমিক ২৫ কিলোমিটার তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে। তবে কাজের ধীরগতিতে হতাশ যমুনার তীরবর্তী চরাঞ্চলের মানুষ। এ পর্যন্ত প্রকল্পের ২৫ শতাংশ; অর্থাৎ প্রায় ১৫০ কোটি টাকার কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। অথচ এ পর্যন্ত প্রকল্পের অর্থ ছাড় হয়েছে ৬৭ কোটি টাকা। ঠিকমতো অর্থ ছাড় হলে কার্যাদেশের মেয়াদ শেষের আগেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব বলে কর্মকর্তারা দাবি করছেন।
নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের বিষয়টি আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকলে ইতিমধ্যে যতটুকু কাজ হয়েছে, তা–ও নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। ফলে এ তহবিল ছাড়কে বিশেষ বিবেচনায় আনতে হবে এবং দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় হলো দেশে নদীভাঙনের পূর্বাভাস অনেক আগেই বৈজ্ঞানিক ভিত্তি পেয়ে গেছে। সরকারের একটি ট্রাস্ট প্রতিষ্ঠান (সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস—সিইজিআইএস) অনেক দিন ধরে প্রায় নিখুঁতভাবে বড় নদীগুলোর ভাঙনের পূর্বাভাস দিয়ে আসছে। এ কাজে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকেও (স্পারসো) কাজে লাগানো যেতে পারে। নদীভাঙনপ্রবণ এলাকায় সরকারের যেকোনো দীর্ঘমেয়াদি নির্মাণ পরিকল্পনায় স্পারসো এবং সিইজিআইএস প্রদত্ত পূর্বাভাস বিশ্লেষণকে বাধ্যতামূলক করলে বিপর্যয় এড়ানো সহজ হতে পারে।