বাঁশখালীতে স্কুলের প্রশ্নপত্র বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নপত্রে একটি ইচ্ছাকৃত বা অসাবধানতাবশত ভুল করার মাশুল হিসেবে চট্টগ্রামের বাঁশখালীর ১৩ জন স্কুলশিক্ষকের জীবনে ভরা অমাবস্যা চলছে। ভুল যদি অসাবধানতাবশতও হয়ে থাকে, তাহলেও এটা এমন একটি ভুল, যাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়। এবং তাই দেখা উচিত।

কোনো দেশের ইতিহাস এবং তার মহান নেতার জীবনী ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করানোর চেষ্টা বিশ্বের সব সমাজে আছে। বাঁশখালীর মাধ্যমিক শিক্ষক দুকূল বড়ুয়া সম্ভবত সেই বিবেচনা থেকে প্রশ্ন করতে গিয়েই ভুল করে ফেলেছেন। স্থানীয় একজন জনপ্রতিনিধি একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁকে ওই অঞ্চলের কিশোর-কিশোরীদের অনেকেই ব্যক্তিগতভাবে চেনে। সেই কারণে হয়তো প্রশ্ন তৈরি করা হয়, যাতে একটি অনাকাঙ্ক্ষিত তুলনা টানা হয়। বঙ্গবন্ধুর নেতৃত্ব সম্পর্কে শিশু-কিশোরদের মনে চেতনা জাগাতে ভিন্নভাবে প্রশ্ন করার সুযোগ ছিল। কিন্তু বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনায় ওই প্রশ্নটিকে শিক্ষকের একটি মানবিক ভুল হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তবে যা আমাদের স্তম্ভিত করেছে, সেটা হলো চট্টগ্রামের সাবেক ডেপুটি কমিশনারের করা তদন্ত কমিটি বিষয়টির মধ্যে রাষ্ট্রদ্রোহ দেখেছে। ওই প্রশ্নপত্রের নয়টি প্রশ্নের মধ্যে অধিকাংশ প্রশ্ন মুক্তিযুদ্ধবিষয়ক। দুনিয়া কাঁপানো একুশে ফেব্রুয়ারি, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন—ইত্যাদি প্রসঙ্গ যে শিক্ষক প্রশ্নপত্রে এনেছেন, তাঁর ‘পুরস্কার’ হিসেবে আজ তাঁকে কারাভোগ করতে হচ্ছে। ওই প্রশ্নপত্র মুদ্রণ ও বিতরণের কারণে আরও ১২ জন নিরীহ শিক্ষকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এঁরা পদাধিকারবলে অভিযুক্ত। ছয় উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আসামি। এঁদের একজন বাদে সবাই আওয়ামী লীগ ও সিপিবির নেতা বা সমর্থক।

ফৌজদারি অপরাধে এভাবে পদাধিকারবলে আসামি করা যায় না। দুই বছর আগে অবসরে যাওয়া চন্দনাইশ শিক্ষক সমিতির ক্রান্তিকালীন সভাপতি বিজন ভট্টাচার্যও এক মাসের বেশি জেল খেটেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত রাষ্ট্রদ্রোহ মামলায় বর্তমানে প্রশ্নকর্তা শিক্ষকসহ তিনজনের এখনো জামিন হয়নি।

আমরা মনে করি, এই মামলা দায়ের করার ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা যথাযথভাবেপ্রয়োগ না করার একটি দুর্ভাগ্যজনক নজির সৃষ্টি হয়েছে। মামলাটি প্রত্যাহার করা হোক।