বাংলা অনলাইন সার্চ ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাংলা নববর্ষে সারা বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষের জন্য সবচেয়ে বড় উপহার ছিল ইন্টারনেটে পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা ডট কম’-এর আত্মপ্রকাশ। বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার সঙ্গে মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসার মেলবন্ধনের এ এক অনন্য দৃষ্টান্ত। বায়ান্নর ভাষাশহীদদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এটি আরও এক বড় মাইলফলকও বটে।বাংলা ভাষায় যত রকমের তথ্য ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে, তা থেকে যেকোনো ইন্টারনেট ব্যবহারকারী তাঁর প্রয়োজনীয় তথ্যটি খুঁজে নিতে পারবেন—এই অভাবনীয় ব্যবস্থাটি গড়ে তুলেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন শিক্ষকের নেতৃত্বে ১১ তরুণ শিক্ষার্থী। এই তরুণদের আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সৃজনশীল উদ্যোগের এই দৃষ্টান্ত নিশ্চয়ই বৃহত্তর তরুণসমাজের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে; বিশ্ববিদ্যালয়গুলোতে পঠন-পাঠন, বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবনের উদ্দীপনা সৃষ্টি হবে।গুগল সার্চ ইঞ্জিনের বাংলা সংস্করণ রয়েছে, সেটি ব্যবহার করে ইন্টারনেটে বাংলায় লেখা তথ্য অন্বেষণ করা যায়। এই প্রেক্ষাপটে পিপীলিকার শুভযাত্রা সম্পূর্ণ অভিনব নয় বটে, কিন্তু এটি আমাদের তরুণদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার একটি বাস্তব দৃষ্টান্ত। এর তাৎপর্য হচ্ছে, এই সক্ষমতা কাজে লাগিয়ে আমরা আরও অনেক বড় বড় উদ্যোগ নিতে পারি। ইন্টারনেট প্রযুক্তির অপরিসীম সম্ভাবনার খুব সামান্যই আমরা এযাবৎ কাজে লাগাতে পেরেছি। বাংলা কম্পিউটিংয়ের সামগ্রিক উন্নয়নের জন্য আরও অনেক কাজ বাকি রয়ে গেছে। মুদ্রিত, হাতে লেখা ইত্যাদি তথ্য সন্নিবেশের কাজে ব্যবহূত অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন প্রযুক্তি বা ওসিআর, কণ্ঠধ্বনিকে লিখিত ভাষ্যে রূপান্তর বা স্পিচ টু টেক্সট, একটি ব্যাপক-বিস্তৃত অভিধান, বানান ও ব্যাকরণগত ভুলত্রুটি শনাক্ত ও সংশোধনের ডিজিটাল প্রযুক্তি বাংলা ভাষায় এখনো সেভাবে গড়ে ওঠেনি। এই কাজগুলো করে বাংলা কম্পিউটিংকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ প্রয়োজন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলা কম্পিউটিং-বিষয়ক একটি কমিটি আছে, যাদের এসব উদ্যোগ নেওয়ার কথা। কিন্তু তাদের উদ্যোগ ও উদ্যমের অভাব প্রকট।সামগ্রিকভাবে বাংলা কম্পিউটিংয়ের দ্রুত বিকাশ ঘটানোই এখনকার সবচেয়ে জরুরি কাজ। সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।