বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফর অর্থনৈতিক, বাণিজ্যিক ও ভূরাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এই সফরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের ২০১৬-১৭ মেয়াদে নির্বাচনে জাপানের একক প্রার্থিতা নিশ্চিত হলো। বাংলাদেশ এই পদের প্রার্থী ছিল। এই সফরের সময় জাপানের অনুকূলে বাংলাদেশ তার প্রার্থিতা প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু জাপানের পাশে দাঁড়াল। বিনিময়ে বাংলাদেশেরও কিছু নগদ প্রাপ্তি ঘটেছে। জাপানি বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধি বলয়ে (বিগ-বি) বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করতে জাপানের সক্রিয় সহযোগিতার বিষয়ও আলোচিত হয়েছে।
এর আগে জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৬০০ কোটি মার্কিন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে ১ দশমিক ১২ বিলিয়ন ইয়েন দেওয়া হয়েছে। জাপানের শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতিনিধিদলের বৈঠকে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। জাপানের মন্দাক্রান্ত অর্থনীতি চাঙা করার লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বলে তাঁরা জানিয়েছেন।
যৌথ ঘোষণায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়াতে জিএসপি-সুবিধার উৎসবিধি শিথিল করা ও সামুদ্রিক সম্পদ টেকসই উপায়ে ব্যবহারের কথাও এসেছে। এই মুহূর্তে ব্লু ইকোনমি বা সাগর অর্থনীতির বিকাশে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন জানালা খুলে দেবে।
যৌথ ঘোষণার ১৯ অনুচ্ছেদে নারীর সমতা ও উন্নয়নের কথা বলা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশ সফরে আসার সপ্তাহ খানেক আগে জাপানের প্রধানমন্ত্রী তাঁদের মন্ত্রিসভা পুনর্বিন্যাস করে পাঁচজন নারীকে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রী করেছেন। এখানে বাংলাদেশের উদ্যোগও সমান্তরাল অবস্থানে রয়েছে।
বাংলাদেশ-জাপান নবায়িত মৈত্রী আমাদের অর্থনীতির অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে।