বাংলাদেশ তার দায়িত্ব পালন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা পরিষ্কার যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে মিয়ানমার সরকার জাতিগত নিধনের নীতি নিয়েছে। পরিকল্পিত ও ধারাবাহিক অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদের দেশছাড়া করছে। জাতিসংঘের সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক সনদে এটা আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় চার লাখ শরণার্থীর সঙ্গে এখন যোগ হয়েছে আরও প্রায় ৩ লাখ ৭০ হাজার। এটা খুবই দুর্ভাগ্যজনক যে রোহিঙ্গা সংকটের ব্যাপারে কোনো ধরনের দায় না থাকলেও বাংলাদেশকে এর চাপ নিতে হচ্ছে। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই।

মিয়ানমার যেহেতু ধারাবাহিকভাবে তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এবং একটি বিশেষ জাতিগোষ্ঠীর নাগরিকেরা গণহত্যার শিকার হচ্ছে, তাই ওই জনগোষ্ঠীকে রক্ষার দায়িত্ব জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে। বাংলাদেশ সরকারের তরফে ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সেখানে কী ঘটছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জানার বাইরে নয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজেই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে ‘কার্যত জাতিগত নির্মূল’ বলে বর্ণনা করেছেন।

মিয়ানমারের আরাকান রাজ্যের সমস্যা দূর করতে তাদের সরকারের তরফেই একটি আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়েছিল। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত সেই কমিশন যেসব সুপারিশ করেছে, তা বাস্তবায়ন করলে রোহিঙ্গা সমস্যার সমাধানের একটি পথ তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল করার প্রস্তাবও দেওয়া হয়েছে। আমরা মনে করি, যথাযথ প্রজ্ঞা ও কূটনৈতিক কৌশল কাজে লাগিয়ে এগোতে পারলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায় করা কঠিন হবে না।