বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়ার প্রায় তিন বছর পার হতে চললেও এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত রোববার বলেছেন, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে মামলা করা হবে। তবে তিনি কে মামলা করবেন, কার বিরুদ্ধে করবেন, সে বিষয়ে কিছু বলেননি। বলেছেন, দুই দেশের আইনজীবীরা মামলার বিস্তারিত বিষয় ঠিক করবেন। মামলা করার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সুইফটের নিরাপত্তা হ্যাক করে পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে এসব অর্থ দেশ থেকে পাচার করা হলেও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। অর্থ চুরির পরপরই শ্রীলঙ্কা থেকে ২ কোটি ডলার এবং ফিলিপাইন থেকে ১ কোটি ৪৬ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু ফিলিপাইনে পাচার হয়ে যাওয়া অর্থের মধ্যে এখনো ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত আনা যায়নি।

বাংলাদেশ কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছে, এই অর্থ চুরির জন্য মূলত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকই দায়ী। কেননা, তাদের ভুল বার্তার কারণেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আন্তর্জাতিক মুদ্রা পাচার চক্র অর্থ লোপাট করতে পেরেছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিও যথাসময়ে প্রতিবেদন দিয়েছে। কিন্তু রহস্যজনক কারণে সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। নীতিনির্ধারকদের কেউ কেউ বলার চেষ্টা করেছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে ফিলিপাইনের কাছে অর্থ আদায়ের দাবি অগ্রাহ্য হতে পারে। ফিলিপাইনের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। সে ক্ষেত্রে দাবির বিষয়টিও আর গুরুত্বপূর্ণ নয়। ফিলিপাইনের যে ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ পাচার হয়েছে, সেই ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ইতিমধ্যে দেশটির আদালত শাস্তিও দিয়েছেন। আর আমরা একটি মামলাও করতে পারলাম না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আইন অনুযায়ী বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারির মধ্যে মামলা করতে হবে। মামলা হলেই অর্থ আদায় হবে, তার কোনো নিশ্চয়তা নেই। আবার অর্থ আদায় করতে মামলা না করারও কোনো বিকল্প নেই। যে দুটি দেশে অর্থ পাচার হয়েছিল, সেখান থেকে দেনদরবার করে আমরা সামান্যই অর্থ আদায় করতে পেরেছি। গত ২১ মাসে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা না হওয়ার পেছনেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি ছিল কি না, সেসব খতিয়ে দেখা প্রয়োজন।

নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ যদি মামলা করতে সক্ষমও হয়, তারপরই শুরু হবে আসল পরীক্ষা। সেই মামলার ফল বাংলাদেশের পক্ষে নিয়ে আসতে দক্ষ আইনজীবী নিয়োগ করতে হবে। একই সঙ্গে আইনজীবীর প্রাপ্য কমিশনের বিষয়টিও ভাবতে হবে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, আমেরিকার যে আইনজীবীরা আমাদের পক্ষে লড়বেন, তাঁদের কমিশন অনেক বেশি। মামলায় হেরে গেলেও কমিশন থেকে মাফ নেই। তাই বাংলাদেশকে এগোতে হবে অনেক ভেবেচিন্তে। আইনি লড়াইয়ের কোনো পর্যায়ে কোনো ত্রুটি বা গাফিলতি রাখা যাবে না। মামলা করার পরও যদি অর্থ ফেরত পাওয়া না যায়, ক্ষতির পরিমাণটি আরও বাড়বে। আর মামলার যে খরচ হবে, সেটি বহন করতে হবে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা থেকেই।