জাতীয় সংসদের সরকারি হিসাব-সংক্রান্ত স্থায়ী কমিটি যে বাংলাদেশ ব্যাংকের ওপর বিশেষ নিরীক্ষার জন্য কম্পট্রোলার অব অডিটর জেনারেলকে (সিএজি) বলেছে, তা নিয়ে প্রশ্ন উত্থাপনের যথেষ্ট অবকাশ আছে। প্রথমত এই কমিটির যিনি সভাপতি, তিনি ফারমার্স ব্যাংক নামে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকেরও চেয়ারম্যান। সম্প্রতি নিরীক্ষায় ব্যাংকটির ঋণ মঞ্জুরি ও বিতরণে গুরুতর অনিয়ম ধরা পড়লে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ না মানা হলে তারা ব্যাংকটিকে ১০ লাখ টাকা জরিমানা করে এবং সংকট উত্তরণে নিজস্ব পর্যবেক্ষক পাঠায়। কিন্তু বেসরকারি ব্যাংকটি সেই জরিমানা পরিশোধ না করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছে। কোনো তদারিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের প্রাতিষ্ঠানিক মামলা নজিরবিহীন।
বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আদালতে ফারমার্স ব্যাংকসরকারি হিসাব–সংক্রান্ত সংসদীয় কমিটি যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে নিরীক্ষা চাইতে পারে। কিন্তু আমরা দেখলাম, সংসদীয় কমিটি এমন এক সময়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নিরীক্ষা চেয়েছে, যখন কমিটির সভাপতির মালিকানাধীন ব্যাংকটির অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রয়েছে, সেখানে এ ধরনের নিরীক্ষার দাবি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখানে উল্লেখ করা জরুরি যে কোনো সাংসদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের সম্পর্ক আছে, সে রকম বিষয়ের সংসদীয় কমিটিতে তাঁর থাকা জাতীয় সংসদের কার্যবিধির ১৮৮(২)-এর পরিপন্থী।
স্বার্থের দ্বন্দ্বে সংসদীয় কমিটিকে ব্যবহার করার কোনো সুযোগ নেই। সংসদীয় কমিটি একটি বিশেষ সময়ে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা দাবি করায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপ যাতে চ্যালেঞ্জের মুখে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। বিগত জাতীয় সংসদে কয়েকটি স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠলে স্পিকার কমিটি পুনর্গঠিত করেছিলেন। এবারও সেটি করা প্রয়োজন বলে মনে করি। আর সেটি কেবল সরকারি হিসাব কমিটি নয়, আরও যেসব কমিটিতে এ ধরনের স্বার্থের সংঘাত বিদ্যমান, তার প্রতিটি পুনর্গঠন করা হোক।