নানা বাধাবিপত্তি সত্ত্বেও যখন বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্র প্রসারিত হচ্ছে, তখন দুই দেশের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিকদের দুই দিনব্যাপী শীর্ষ বৈঠকটির গুরুত্ব অস্বীকার করা যায় না। এটি অধিক তাৎপর্যপূর্ণ এ কারণে যে যাঁরা একসময় নিজ নিজ সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাঁরাই এখন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে সরকারের কী করা উচিত, কী করা উচিত নয়, সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
গত শুক্রবার বৈঠকের প্রথম দিন ঢাকা ও নয়াদিল্লিতে দায়িত্ব পালনকারী শীর্ষস্থানীয় কূটনীতিকেরা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গতি–প্রকৃতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁরা বিদ্যমান বাধা ও সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সম্পর্কোন্নয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কিছু সুপারিশ করেছেন। কূটনৈতিক দায়িত্বে থাকার সময় তাঁদের মধ্যে বিস্তর মতভেদ থাকলেও এই বৈঠকে অনেক ব্যাপারেই সহমত পোষণ করেছেন কূটনীতিকেরা। তাঁদের এই ইতিবাচক মনোভাব উত্তরসূরিদের জন্য শিক্ষণীয় হতে পারে।
দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হয় সমমর্যাদা ও অংশীদারির ভিত্তিতে। শেখ হাসিনার সরকার যে ভারতের নিরাপত্তা ঝুঁকি প্রশমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা অকপটে স্বীকার করেছেন সে দেশের কূটনীতিকেরা। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও মনমোহন সরকার সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও তিস্তার পানিবণ্টন চুক্তি করতে পারেনি অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণে। দিল্লিতে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে এটা নিশ্চয়ই আশা করা যায় যে ১৯৭৪ সালের সীমান্ত চুক্তিটি শিগগিরই ভারতীয় পার্লামেন্টে অনুমোদন পাবে। পাশাপাশি তিস্তার বিষয়েও কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে সমঝোতা হওয়া জরুরি বলে আমরা মনে করি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো, এ কথা যেমন সত্য, তেমনি এ-ও অনস্বীকার্য যে বিদ্যমান সমস্যাগুলো জিইয়ে রেখে এই সম্পর্ককে খুব বেশি দূর এগিয়ে নেওয়া যাবে না। নয় দফা ঢাকা ঘোষণায় সমন্বিত উপায়ে সমস্যাগুলো সমাধান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর যে তাগিদ দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের প্রতিই মনোযোগ দিতে হবে ঢাকা ও দিল্লিকে।