বাংলাদেশ-ভারত সম্পর্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের দ্বিমাসিক জার্নাল স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস-এর সেপ্টেম্বর সংখ্যায় বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই লেখা প্রকাশিত হয়। লেখাটির গুরুত্ব বিবেচনা করে প্রথম আলোর পাঠকদের জন্য এর অনুবাদ প্রকাশ করা হলো।বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কেবল গুরুত্বপূর্ণই নয়, এর রয়েছে জোরালো ঐতিহাসিক ভিত্তি। পারস্পরিক স্বার্থ ও শ্রদ্ধাবোধের দিকটিতে গুরুত্ব দিলে উভয় রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার সুযোগ বিপুলভাবেই অবারিত। আমাদের ভৌগোলিক নৈকট্য এবং যৌথ ইতিহাসই হওয়া উচিত আমাদের সম্পর্কের সূচক।তা হলেও নীতিনির্ধারকেরা যেমন, তেমনি সাধারণ জনগণের সামনেও এমন কিছু চ্যালেঞ্জ আছে, যার শিকড় হয়তো আমাদের ঔপনিবেশিক অতীতের মধ্যে প্রোথিত, যেখানে উভয় রাষ্ট্রের জনগণই উপনিবেশবাদীদের ‘ভাগ কর শাসন কর’ নীতির শিকার হয়েছিল। এখান থেকেই ভয় ও অবিশ্বাসের বোধ জন্ম নিয়েছে। পরস্পরের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টির মাধ্যমে এই ভয়ের বিকারকে চিরস্থায়ী করার মতো শক্তি উভয় দেশের সমাজেই ক্রিয়াশীল ছিল এবং এখনো আছে।আমি মনে করি, এই লক্ষ্যে এগিয়ে যেতে হলে প্রথমেই আমাদের একসঙ্গে বসতে হবে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যাকে তুলে ধরতে হবে। খোলামেলা মুক্ত আলোচনা আর সমঝোতার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে। বাংলাদেশের জনমনস্তত্ত্বে আলোড়ন তোলে, এমন ঘটনার মধ্যে রয়েছে যৌথ নদীর পানিবণ্টন, সীমান্ত এলাকায় নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা এবং সীমান্ত সমস্যার মীমাংসা (যা আমরা ঔপনিবেশিক উত্তরাধিকারসূত্রে পেয়েছি)। একই সঙ্গে সীমান্তের উভয় দিকেই নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেও আমাদের আমলে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, কোনো পক্ষই পরস্পরের স্বার্থের বিরুদ্ধে নিজ নিজ দেশের মাটি ব্যবহার করতে দেবে না। এসব জ্বলন্ত সমস্যার সমাধান খুঁজে বের করাই আমাদের শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত।মতাদর্শোত্তর (Post-Ideological age) যুগের পরে আজকের দেশ ও সরকারগুলো তাদের অনুমিত ও সত্যিকার জাতীয় বিভিন্ন স্বার্থের কোনোটা বিসর্জন না দিয়েই পরস্পরবিরোধী লক্ষ্যগুলোর মাঝখানে অবস্থান নিতে সক্ষম। শেষ বিচারে পররাষ্ট্রনীতি এবং আন্তসীমান্ত সম্পর্ক এক জায়গায় স্থির থাকতে পারে না, এসবকে গতিশীল হতেই হয়। আমাদের ঐতিহাসিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় এমন কোনো কারণ কি আছে, যার জন্য ভারত ও বাংলাদেশ তাদের অভিন্ন লক্ষ্য হাসিল করতে পারে না? এই লক্ষ্যগুলো তখনই ভালোভাবে অর্জন করা যাবে যখন স্বচ্ছভাবে এবং পারস্পরিক দেওয়া-নেওয়ার ভিত্তিতে সম্পর্কের চর্চা হবে। স্থিতিশীলতার স্বার্থেই জনগণের মধ্যে আস্থা সৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করায় কাজ করা জরুরি। আরও গুরুত্বপূর্ণ হলো, এসব লক্ষ্য যাতে পারস্পরিক শ্রদ্ধার পরিবেশেই অর্জিত হয়, তা নিশ্চিত করা। যেসব সমস্যা গুরুতর ও উত্তপ্ত, সেসবকে জিইয়ে না রাখাই হলো পররাষ্ট্রনীতির গতিশীলতা যাচাইয়ের শর্ত। বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন সমস্যা তার অন্য প্রতিবেশীদের সঙ্গে সমস্যাগুলোর মতো সমাধানের অযোগ্য নয়। অনুধাবন করা দরকার, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষেত্রে যেসব ইস্যু এখন সমস্যা, সেসবের নিরসন হলে দুই দিকের জনমতই অনুকূল হয়ে উঠবে। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিখাদ রাজনৈতিক সদিচ্ছা ও স্বচ্ছতা এবং পারস্পরিক মঙ্গল ও শ্রদ্ধার ভিত্তিতে টেকসই সম্পর্ক নির্মাণকেই উভয়ের স্বার্থ বলে গণ্য করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অনিবার্য উপাদান।আমাদের সীমান্ত ব্যবস্থাপনাবাংলাদেশ ও ভারত চার হাজার কিলোমিটারের ভূসীমান্তের অংশীদার। বিদায়ের সময় ব্রিটিশরাজ যেভাবে এই সীমান্তরেখা অঙ্কন করেছে, তা মোটেই কাঙ্ক্ষিত ছিল না। তারা এক দেশের ভেতরে অন্য দেশের অঞ্চল এমনভাবে রেখে দিয়েছে, যা সমস্যাজনক। এ রকম বৈশিষ্ট্যবর্জিত ভূসীমান্ত চিহ্নিতকরণ বিভিন্ন রকম বিকৃতির জন্ম দিয়েছে এবং বিশেষ করে সীমান্ত এলাকার মানুষের জীবনের ওপর ফেলেছে নেতিবাচক প্রভাব। আর দেরি না করেই আমাদের এসব বিকৃতির মীমাংসা করতে হবে। বিদ্যমান বাস্তবতাকে মাথায় রেখে, সেসব এলাকায় বংশানুক্রমিকভাবে বসবাস করতে থাকা জনগোষ্ঠীকে স্থানান্তর না করেই রাজনৈতিক সদিচ্ছা দিয়ে তা করা উচিত হবে আমাদের। জনগণের আশা-আকাঙ্ক্ষা মেটানোয় বাস্তবোচিত সমাধানের পথে ঔপনিবেশিক অতীতে জন্ম নেওয়া কলাকৌশলগত সমস্যা বাধা হওয়া উচিত নয়। যথাযথ কাগজপত্র ছাড়াই সীমান্তপথে বিপুলসংখ্যক মানুষের চলাচলের বিষয়টি এই সীমান্তজনিত সমস্যার পটভূমিতে বিচার করতে হবে। আমাদের উভয়কেই অর্থনৈতিক প্রয়োজনে সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল সহজ করার প্রচেষ্টা নিতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক আইনকানুন, কনভেনশন ও রীতিনীতি রয়েছে; আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জনচলাচল সে অনুসারেই হয়ে থাকে। আমাদের দুটি দেশের মধ্যে আন্তসীমান্ত চলাচলের ব্যবস্থাপনার বেলায় সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এসব রীতিনীতি অনুসরণ করা উচিত। আমাদের সম্পর্ক যেমন, সীমান্ত ব্যবস্থাপনার মধ্যে তারই প্রতিফলন থাকা উচিত। নিশ্চয়ই নিয়মিতভাবে নিরস্ত্র লোকজনকে হত্যা করা সীমান্ত সমস্যার সঠিক উত্তর নয়। সন্ত্রাস দমনে সহযোগিতাএকমাত্র না হলেও, আজকের দুনিয়ায় সন্ত্রাসবাদ এবং এর সম্ভাব্য হুমকির বিষয়টি বেশির ভাগ দেশের জন্যই অন্যতম প্রধান সমস্যা। কিছু কিছু সন্ত্রাসমূলক হুমকির জন্ম দেশের ভেতরেই, আবার কিছু কিছু আন্তর্জাতিক সীমান্ত ছাপিয়ে ওঠে। এই হুমকি মোকাবিলায় যে বাস্তব ও অবকাঠামো কার্যক্রম দরকার হয়, তা বিপুল আর্থিক ও বস্তুগত সম্পদ শুষে নেয়, যা দিয়ে হয়তো অনেক জরুরি উন্নয়ন কর্মকাণ্ড করা যেত। আর এসব আয়োজন আমাদের জনগণের মধ্যেও ভীতির বোধ ছড়িয়ে দেয়। সবারই প্রয়োজন হলো সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ ও নির্মূল করায় একসঙ্গে কাজ করা এবং পরস্পরকে সহযোগিতা করা। আঞ্চলিক দৃষ্টিভঙ্গি গঠন করার লক্ষ্য অর্জনে বিভিন্ন রকম কার্যক্রম রয়েছে, যার সুযোগ আমরা নিতে পারি।আমি বিশ্বাস করি, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৯৮৭ সালের কাঠমান্ডু সম্মেলনে সন্ত্রাসবাদ দমনে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এর সংযোজন হিসেবে স্বাক্ষরিত ২০০৪ সালের ইসলামাবাদ প্রটোকলই এই সমস্যা মোকাবিলায় আমাদের জন্য আঞ্চলিক অবস্থান গ্রহণে সবচেয়ে ভালো ও সবচেয়ে বিস্তৃত প্রাতিষ্ঠানিক কার্যক্রম জুগিয়ে দিতে পারে। আমি অবশ্যই অবাক হয়েছি দেখে যে, সন্ত্রাসবাদ দমনে আমাদের যৌথ লক্ষ্যের দিকে কার্যকরভাবে এগিয়ে যাওয়ার উপযোগী এই দুটি আইনি দলিল বাস্তবায়নে আমাদের দেশগুলো তেমন কিছুই করেনি। এ ধরনের সহযোগিতাকে অবশ্যই জলদস্যুতা, মাদক চোরাচালান এবং মানব পাচারের বিরুদ্ধেও প্রসারিত করতে হবে। আঞ্চলিক সহযোগিতাঅনেকেরই মনে থাকবে, বাংলাদেশই প্রথম দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার বিষয়টি সামনে নিয়ে আসে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সূচনা করেছিলেন। ১৯৭৯ সালে তিনি এই অঞ্চলের সব সরকারপ্রধানের কাছে চিঠি লিখে আমাদের জনগণের জীবনের মান উন্নত করার লক্ষ্যে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোয় সরকারপ্রধানদের ব্যক্তিগতভাবে সচেষ্ট হওয়ার জরুরত সম্পর্কে আলোকপাত করেছিলেন। অনাস্থাবাদী ও সংশয়বাদীদের পেছনে ফেলে ঘটনাক্রমে ১৯৮৫ সালে যে ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হলো, তা আমাদের রাজনৈতিক নেতাদের আন্তরিক নিরবচ্ছিন্ন প্রচেষ্টারই অবদান। তা হলেও একসময় যেমনটা আশা করা হয়েছিল, বিগত বছরগুলোতে সার্কের অগ্রগতি সে অনুসারে বেগ পায়নি। তা সত্ত্বেও, ব্যাপক বিস্তৃত অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠা করায় এটাই সক্ষম হাতিয়ার। আমাদের সব কটি দেশই বিভিন্ন মাত্রায় দারিদ্র্যের মহামারিতে আক্রান্ত এবং কাঙ্ক্ষিত সামাজিক সূচক অর্জনে আমাদের আরও অনেক দূর যাত্রা করতে হবে। যৌথতা ও সহযোগিতার চেতনায় অগ্রসর হলে বর্তমানের থেকে আরও দ্রুতগতিতে সেই লক্ষ্যে ধাবিত হওয়ার ব্যাপারে আমি আস্থাশীল। ঘটনা হলো, ক্রমেই অধিক থেকে অধিক সংখ্যায় দেশগুলো যে সার্কের সঙ্গে জড়িত হতে চাইছে, তা-ই সংস্থাটির বিপুল সম্ভাবনার প্রমাণ।পূর্বমুখী নীতি এবং সংযোগশীলতা২০০১ সালে বিপুল জনসমর্থন নিয়ে সরকারে আসীন হওয়ার পর আমরা ‘পূর্বমুখী’ নীতির আলোকে পররাষ্ট্রনীতি ঘোষণা করি। এর অর্থ দাঁড়ায় আরও বেশি হারে সহযোগিতা দ্বিপক্ষীয়, আঞ্চলিক, দক্ষিণ এশীয় স্তরে এবং দক্ষিণ এশিয়া দেশগুলোর সঙ্গে; দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দূরপ্রাচ্য তথা চীন জাপান ও কোরিয়ার সঙ্গে আরও যোগাযোগ বাড়ানো। এটা ছিল বিশ্বের সবচেয়ে বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল হিসেবে এশিয়ার উত্থানেরই স্বীকৃতি। বাণিজ্য, অর্থনৈতিক নিবিড়তা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের বেলায় এই নীতির সুফল আমরা সবাই পেয়েছি। এখন আমাদের প্রয়োজন আঞ্চলিক সংযোগশীলতাকে সড়ক, রেল ও সমুদ্রপথে বিস্তৃত করতে কাজ করা। এর মাধ্যমে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আরও দূরপ্রাচ্যের চীন, জাপান ও কোরিয়ার সঙ্গে যোগাযোগ-জাল গড়ে উঠবে। এর সুফলকে খাটো করে দেখা যাবে না। ভারতের জনগণের প্রতি বার্তাভারতের জনগণের প্রতি আমার বার্তা হলো বন্ধুত্বের ও বোঝাপড়ার। নিকট প্রতিবেশী হওয়ায় পাশাপাশি বসবাসই আমাদের নিয়তি এবং তা করতে হবে শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে। পরস্পরের কোনো অমঙ্গল আমাদের চাওয়া হতে পারে না, নিজেদের মধ্যে শত্রুতাও আমরা বহন করতে পারব না। আমাদের অবশ্যই আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য থেকে শিখতে হবে, বাড়াতে হবে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ। মতভিন্নতা দূর করায় কাজ করে যেতে হবে এবং উভয় দেশের জনগণের মধ্যে জাগাতে হবে আরও বৃহত্তর আস্থা ও বিশ্বাস। আমাদের মধ্যকার সম্পর্কের মর্মমূলে থাকা উচিত পরস্পরের মঙ্গলের জন্য বিরতিহীন এবং খোলামেলা সংলাপ ও আলোচনা। একই সঙ্গে, উভয় রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও যেন পরিব্যাপ্ত করে রাখে আমাদের মধ্যকার সম্পর্ক। 