প্রথমে প্রাণনাশের হুমকি অথবা গোপনে সিদ্ধান্ত গ্রহণ, তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা। জঙ্গিগোষ্ঠীর সদস্যরা সম্প্রতি তিনজন তরুণকে এভাবে হত্যা করার পর নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জঙ্গি তৎপরতায় লিপ্ত ‘ইসলামিক স্টেটের’ (আইএস) সদস্য সন্দেহে দুজনকে রোববার গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে আইএসের যোগসূত্র কতটা, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করা হোক।
‘আইএস’ সদস্য সন্দেহে দুজন গ্রেপ্তার, রিমান্ডেঅভিযুক্ত ব্যক্তিদের একজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করেন। তিনি গোপনে অর্থ সংগ্রহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনাসহ বিভিন্নভাবে আইএসের সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তিনি ২০ জন কর্মীও সংগ্রহ করে ফেলেছেন! বাংলাদেশে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী যে এখনো সক্রিয় রয়েছে তা অনস্বীকার্য। কিন্তু তাদের বিস্তৃতি কতটা পরিব্যপ্ত, তা নিশ্চিত হওয়ার জন্যই এসব ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।
এ ছাড়া অবৈধভাবে অবস্থানের জন্য একজন পাকিস্তানি নাগরিককে রোববার রাতে গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছে, তিনি পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের গুপ্তচর। পাকিস্তানে আল-কায়েদা, তালেবান গোষ্ঠীর খুঁটি গেড়ে বসার পেছনে আইএসআইয়ের ভূমিকা সুবিদিত। আটক ব্যক্তির সঙ্গে সত্যি সত্যি আইএসআইয়ের সম্পর্ক থাকলে সেটি দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। যথাযথ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক, এটাই সবার প্রত্যাশা।
সম্প্রতি দেশের সেরা কয়েকজন বুদ্ধিজীবী ও চিন্তাবিদকে হত্যার হুমকি দিয়ে চিঠি প্রচারিত হওয়ার পর জঙ্গিগোষ্ঠীর বড় ধরনের কোনো পরিকল্পনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। জঙ্গিগোষ্ঠীর এই তৎপরতা িক আইন প্রয়োগকারীদের ব্যর্থতা নয়? আনসারুল্লাহ বাংলা টিম নামের সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো মাত্র গত সোমবার। অথচ এদের নেতারাই দুই বছর আগে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের আসামি। জঙ্গিদের বিরুদ্ধে সরকার মুখে কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন লক্ষ করা যায় না। আমরা মনে করি, কঠোরভাবে এই জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বন্ধ করতে হবে।