হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস সংক্রমণ থেকে সৃষ্ট অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিশিয়েন্সি সিনড্রোম, সংক্ষেপে যা এইচআইভি/এইডস নামে পরিচিত। সেই মরণব্যাধি সম্পর্কে বাংলাদেশে তেমন কোনো আলোচনা হয় না। তবে বিশেষ উপলক্ষে সংবাদমাধ্যমে বিষয়টির আলোকপাত মাঝেমধ্যে লক্ষ করা যায়। যেমন ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে প্রথমআলোয় এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
সরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও এইডস প্রতিরোধে জাতীয় কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এইচআইভি সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা উভয়ই ক্রমেই বেড়ে চলেছে। সরকারের দেওয়া হিসাবে, ২০১৩ সালে এইডস রোগী শনাক্ত হয়েছিল ৩৭০ জন, আর ২০১৬ সালে এ পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় ৬০০ জন। তিন বছরের ব্যবধানে এইডস রোগীর সংখ্যা ৬২ শতাংশর বেশি বেড়ে যাওয়া বেশ উদ্বেগজনক লক্ষণ। তা ছাড়া শনাক্ত হয় না, এমন রোগীর সংখ্যা কত, তা-ও আমাদের জানা নেই।দেখা যাচ্ছে, এই বৃদ্ধির প্রবণতা ক্রমান্বয়িক: ২০১৪ ও ২০১৫ সালে শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৪৩৩ ও ৪৬৯।
সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর ঘটনাও ক্রমান্বয়ে বাড়ছে। ২০১৩ সালে মারা গেছে ৮২ জন, ২০১৪ সালে ৯১, ২০১৫ সালে ৯৫ এবং চলতি বছরে এ পর্যন্ত মারা গেছে ১০০ জন। অর্থাৎ সংক্রমণ ও মৃত্যু উভয় ক্ষেত্রেই পরিস্থিতির অবনতি ঘটছে ধারাবাহিকভাবে। এমনটা দেখা যাচ্ছে না যে আগের বছরের তুলনায় সংক্রমণ বা মৃত্যুর সংখ্যা কমেছে।
তাহলে এটা পরিষ্কার, এইচআইভি সংক্রমণ রোধ এবং এইডস রোগীদের চিকিৎসার ব্যাপারে যেসব কর্মসূচি ও উদ্যোগ সরকারি-বেসরকারি পর্যায়ে চালু রয়েছে, সেগুলো যথেষ্ট কার্যকর ও ফলপ্রসূ হচ্ছে না। শিরায় মাদক গ্রহণ, অনিরাপদ যৌন আচরণ ইত্যাদি কারণে জনগোষ্ঠীর যেসব অংশের মধ্যে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেশি, তাদের মধ্যে এইডস প্রতিরোধ কর্মসূচির সেবা আরও ব্যাপকভাবে পৌঁছানোর জোরালো উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ আরও জোরদার করতে হবে।