বাংলাদেশে তেল সম্ভাবনার বাস্তবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ মে পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে দুটি তেলক্ষেত্র আবিষ্কারের যে ঘোষণা দিয়েছে, তা শত সমস্যায় জর্জরিত সাধারণ মানুষের মনে কিছুটা হলেও আশার আলো ফেলেছে। জ্বালানি-সংকটের যে চরম রূপ বাংলাদেশকে গ্রাস করেছে, তা থেকে বেরিয়ে আসার বা আংশিকভাবে লাঘব করার যেকোনো পন্থা খুঁজে পেতে দেশের সরকার যে রকম উদগ্রীব, দেশের মানুষও সে রকম উৎকণ্ঠিত। এ অবস্থায় দেশে নতুন জ্বালানি উৎসের সম্ভাবনা সবাইকে স্বাভাবিকভাবে পুলকিত করে। তবে অতীতের অভিজ্ঞতায়, এ দেশের নানা সম্ভাবনার আলো বাস্তবতাকে ছাড়িয়ে কখনো আবেগতাড়িত আবার কখনো বা বিশেষ গোষ্ঠীস্বার্থে ব্যবহূত হতে দেখা গেছে। বর্তমান তেল আবিষ্কারের ঘোষণা আমাদের জন্য কতটুকু তাৎপর্যপূর্ণ, তা জানার আগ্রহ সবার। প্রকৃতপক্ষে, ঘোষিত দুটি তেলক্ষেত্রের কোনোটিই পুরোপুরি নতুন নয়, বরং এর একটি হরিপুর (সিলেট) ১৯৮৬ সালে বাপেক্স কর্তৃক আবিষ্কৃত হয় এবং সেটি থেকে পেট্রোবাংলা চার বছর ধরে তেল উৎপাদন করে। অন্যটি কৈলাসটিলা, যেখানে ২ নম্বর কূপ থেকে ১৯৮৮ সালে তেলের স্তর আবিষ্কৃত হয় এবং সামান্য তেল উত্তোলন করা হয়। এ দুটি আবিষ্কারই অপ্রত্যাশিত ছিল এ অর্থে যে সেখানে গ্যাসকূপ খনন করতে গিয়ে তেলের স্তরের সন্ধান পাওয়া যায়। বর্তমান ঘোষিত ‘আবিষ্কার’ প্রকৃতপক্ষে আগে আবিষ্কৃত সে দুটি তেল স্তরের নিচে অতিরিক্ত কয়েকটি নতুন তেল স্তর। সে অর্থে তা নতুন আবিষ্কার নয়, বরং ইতিপূর্বের আবিষ্কৃত তেলক্ষেত্রের নতুন আবির্ভাব। তবে এই নতুন আবির্ভাবের ধারা স্বাভাবিক কোনো তেলক্ষেত্রের নব মূল্যায়নের মতো নয়, বরং এর একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। এ বিশেষ প্রেক্ষাপটে জড়িত আছে দেশে তেল সন্ধান ও উত্তোলনের কার্যক্রমে জাতীয় তেল কোম্পানি বাপেক্সের আগের সাফল্যের পরও বিশেষ গোষ্ঠীস্বার্থে প্রতিষ্ঠানটিকে অবহেলা করা এবং এটিকে গড়ে তোলার পরিবর্তে এটিকে অকার্যকর করে রাখা—এমনকি এটিকে অযোগ্য ঘোষণার প্রচেষ্টা।সুখের খবর এই যে, সে সময় বা সে চক্রান্ত পেরিয়ে সম্প্রতি বাপেক্স ঘুরে দাঁড়িয়েছে। বিগত চার-পাঁচ বছরের ব্যবধানে বাপেক্স নিজেকে সজ্জিত করেছে নতুন অবকাঠামোর মোড়কে। এর চেয়ে বড় কথা, বাপেক্স গড়ে তুলতে সক্ষম হয়েছে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত একটি দক্ষ কর্মী দল, যাদের কার্যক্রম আন্তর্জাতিক মানের বলা যায়। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্র্যাজুয়েট এই তরুণ বুদ্ধিদীপ্ত, পরিশ্রমী ৩-ডি সাইসমিক দলটি তাদের একাগ্রতার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাসক্ষেত্রগুলোতে জরিপকাজ সম্পন্ন করে যে তথ্য-উপাত্ত জোগাড় করেছে, তা-ই বর্তমানে তেলক্ষেত্রের এই পুনরাবির্ভাবের উৎস বা সূত্র। এ বিষয়টিই এই ‘অবিষ্কারের’ মূল তাৎপর্য। বাপেক্স যদি এ রকম সুদক্ষ ও একাগ্র তরুণ কর্মীদের ধরে রাখতে পারে এবং লালন করতে পারে, এমন সময় আর দূরে নয়, যখন দেশের এই সংগঠনটি ভারতের ওএনজিসি বা মালয়েশিয়ার পেট্রোনাসের দক্ষতার সমকক্ষ হয়ে উঠবে।বর্তমান তেল আবিষ্কারের বিষয়টিতে তেলের মজুদ কতটা, এর তাৎপর্যের তুলনায় তেল আবিষ্কারে বাপেক্সের আধুনিক প্রযুক্তির ব্যবহারের সার্থকতাই বেশি। বর্তমান প্রকাশিত মজুদের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক হতে পারে। যেমন—পেট্রোবাংলা এই দুটি তেলক্ষেত্রে ১৩০ মিলিয়ন ব্যারেল তেল আছে এবং তা থেকে ৫৫ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব বলে যে ঘোষণা দিয়েছে, তাকে অনেক বিশেষজ্ঞ যুক্তিযুক্ত বলে মনে করেন না। কারণ, তেলের স্তর শনাক্তকরণ এক কথা, আর এর প্রমাণিত মজুদ নির্ণয় অন্য কথা। ৩-ডি সাইসমিক জরিপ ও অন্যন্য তথ্য-উপাত্ত কেবল তেলের স্তরের উপস্থিতির বাস্তব ইঙ্গিত দিতে পারে, কিন্তু কেবল তা দিয়ে মজুদ নির্ধারণ করা যায় না। কোনো স্তরে তেলের মজুদ প্রাক্কলনের পূর্বশর্ত, সেখানে কূপ খনন করে তেলের উপস্থিতি নিশ্চিত করা। কূপ খনন না করে তেলের প্রমাণিত মজুদ নির্ধারণ করা বিধিসম্মত বা গ্রহণযোগ্য নয়। আগে যেসব স্তর থেকে তেলপ্রবাহ ঘটেছে, তাকে প্রমাণিত মজুদ হিসেবে দেখানো যায় বটে, কিন্তু নতুন যে স্তরগুলো আবিষ্কার করা হয়েছে, এর মজুদ কেবল সম্ভাবনাময় বলেই গণ্য করা যায়। মজুদ নির্ণয় একটি গতিশীল ও পরিবর্তনশীল প্রক্রিয়া। বর্তমান প্রেক্ষাপটে পেট্রোবাংলা কূপ খননের মাধ্যমে নতুনভাবে মজুদ মূল্যায়ন করলে তা-ই হবে গ্রহণযোগ্য।বাংলাদেশ বিশ্বের সর্ববৃহৎ বদ্বীপ এলাকা এবং ভূতাত্ত্বিক কারণে এটি অন্যান্য বদ্বীপ অঞ্চলের মতো হাইড্রোকার্বনে সমৃদ্ধ। তবে বাংলাদেশের ক্ষেত্রে ভূতাত্ত্বিক কারণেই এই হাইড্রোকার্বন মূলত গ্যাস হিসেবে পাওয়া যায়। এখানে তেলের যে উৎপত্তি হয়নি তা নয়, কিন্তু এটা পরিমাণে অপেক্ষাকৃত কম। তাই বাংলাদেশের তেল-সম্ভাবনাকে অনেক বিশেষজ্ঞ রক্ষণশীলভাবে দেখে থাকেন। সহজ কথায় বলা যায়, বাংলাদেশে তেলসমৃদ্ধ অঞ্চলের মতো বৃহৎ তেলভান্ডার পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু কোনো কোনো স্থানে অপেক্ষাকৃত ছোট আকারে আরও তেলের মজুদ পাওয়া যাবে, তা বলা যেতে পারে। আর সিলেট অঞ্চল এগুলোর মধ্যে প্রধান।বাংলাদেশে বর্তমানে তেল আমদানি খাতে বছরে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়, যা কিনা দেশের অর্থনীতির জন্য বিরাট বোঝাস্বরূপ। এই আমদানি খরচ লাঘবে দেশে নিজস্ব আবিষ্কৃত তেল উত্তোলন আশার সঞ্চার করবে তা বলাই বাহুল্য। পেট্রোবাংলার তেল মজুদের হিসাবকে যদি তর্কের খাতিরে সত্যও ধরে নেওয়া হয়, তবুও এটিকে একটি ক্ষুদ্র তেলক্ষেত্র হিসেবে গণ্য করা যেতে পারে এবং ঘোষিত উত্তোলনযোগ্য তেলের পরিমাণ দেশের তেল-চাহিদা বড়জোর দুই বছর মেটাতে পারে। দেশের চরম জ্বালানি-সংকটে এটি বড় বা দীর্ঘমেয়াদি কোনো ভূমিকা রাখতে পারবে না। ক্রমাগত অনুসন্ধান-প্রক্রিয়া জোরদার করার মাধ্যমেই আরও নতুন তেল মজুদ আবিষ্কারের লক্ষ্য নিয়ে অগ্রসর হওয়ার এটাই উপযুক্ত সময়। জাতিগতভাবে আবেগতাড়িত হওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে রয়েছে, তা যেন আমাদের এই কর্মোদ্যোগকে অন্যভাবে তাড়িত না করে, সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন।বদরূল ইমাম: অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।