ভাষা ব্যাকরণের নিয়মকানুনের মধ্যে আবদ্ধ শব্দ বা ধ্বনির সমাহার নয়। ভাষা সংস্কৃতির প্রধান বাহন—যুগপৎ মানববৈচিত্র্য ও ঐক্যের প্রতীক। বিবর্তনের পথে ভাষার উদ্ভব হয়েছে, কালের বিবর্তনে পরিবর্তিত হয়েছে ও হারিয়ে গেছে অনেক ভাষা, আবার নতুন রূপ পেয়েছে অনেক ভাষার আদি রূপ। ভাষা মূলত মানবসভ্যতার গতিময় অভিজ্ঞান। পৃথিবীতে কতগুলো ভাষা আছে, তার সংখ্যা নিয়ে মতান্তর আছে। নৃবিজ্ঞানী ওয়েড ডেভিস সাত হাজার কথ্যভাষার উল্লেখ করেছেন। অন্যদিকে ইউনেসকোর পরিসংখ্যানে এর সংখ্যা ছয় হাজার। ইউনেসকোর পরিসংখ্যান অনুযায়ী বিপন্ন ভাষার সংখ্যা দুই হাজার ৫০০টি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা: বাংলাদেশে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ হলেও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। দুর্ভাগ্য, এসব জাতিগোষ্ঠী বা সম্প্রদায় নিয়ে বিচ্ছিন্নভাবে লেখালেখি হলেও সামগ্রিকভাবে নৃতাত্ত্বিক গবেষণা হয়নি। বিভিন্ন সময়ে পরিচালিত সেন্সাস রিপোর্ট ও গবেষণাপত্রের পরিসংখ্যানে ভিন্নতা দেখা যায়। এ ক্ষেত্রে পিটার বার্টেচির (১৯৮৪) কথা উল্লেখ করা যায়। তিনি এসব জনগোষ্ঠীর সংখ্যা ১২টি বলে উল্লেখ করেছেন। এ জি সামাদ (১৯৮৪) বলেছেন ১৫টি, ১৯৯১ সালের জনশুমারিতে এদের সংখ্যা ২৯ বলে উল্লেখ আছে। অন্যদিকে কিবরিয়া-উল-খালেকের (১৯৯৫) মতে, এ সংখ্যা ২৪-এর অধিক। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ইনডিজেনাস কমিউনিটিস গ্রন্থে ৪৫টি ক্ষুদ্র জনগোষ্ঠীর কথা বলা হয়েছে। অপর এক গবেষণা মতে, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার সংখ্যা ২৬টি। বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত। অন্যদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা প্রধানত চীনা-তিব্বতি বা তিব্বতি-বর্মি ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত (যেমন—গারো, ককবোরক, কোচ, রাজবংশী, মণিপুরি ইত্যাদি)। চাকমা ভাষা ইন্দো-ইউরোপীয় পরিবারভুক্ত। অস্ট্রো-এশিয়াটিক পরিবারভুক্ত ভাষাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: খাসিয়া, সাঁওতালি ও মুন্ডা। খাসিয়ার নিজস্ব লিপি বা বর্ণমালা নেই। বর্তমানে রোমান হরফে এ ভাষা লেখা হয়। সাঁওতালি ও মুন্ডা ভাষারও নিজস্ব বর্ণমালা অনুপস্থিত। অধুনা রোমান হরফে এ ভাষা লেখা হচ্ছে। গারো বা মান্দিরা আচিক ভাষায় কথা বলে। এ ভাষার নিজস্ব বর্ণমালা না থাকায় এর লিখিত রূপে রোমান ও সীমিত পর্যায়ে বাংলা বর্ণমালা ব্যবহার করা হচ্ছে। কোচ ও রাজবংশীদেরও নিজস্ব লিপি নেই। বাংলাদেশে দ্রাবিড় ভাষা-পরিবারের একমাত্র সদস্য ওরাঁও বা কুড়ুখ। এ ভাষারও বর্ণমালা নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলোর কয়েকটি (খুমি, পাংখোয়া, ঠার ইত্যাদি) বর্তমানে বিলুপ্তির পথে। এসব নৃগোষ্ঠী বর্তমানে রোমান হরফ ব্যবহার করছে, ক্ষেত্রবিশেষে বাংলা হরফে তাদের ভাষা লেখা হচ্ছে। কিছু জনগোষ্ঠী তাদের ভাষাকে পুনরুজ্জীবনের চেষ্টায় রত আছে বাংলা বা রোমান হরফে তাদের ভাষা শিক্ষা প্রদানের মাধ্যমে। চাকমা, গারো, ককবোরক, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, রাখাইন ইত্যাদি ভাষায় বর্তমানে উন্নত মানের সাহিত্য রচিত হচ্ছে। ভাষাবিজ্ঞানে মুখের ভাষাকেই জীবন্ত ভাষা বলা হয়েছে। কিন্তু ভাষা বলতে মৌখিক ও লিখিত উভয়কেই বোঝায়। ভাষার লিখিত ব্যবস্থা না থাকলে তা স্থায়ী হয় না। আমরা ভাষা বিকাশের যে কথা বলি, তা লিখিত ভাষা। ভাষা লিখিত না হলে তা বিজ্ঞান ও প্রযুক্তিতে স্থান পায় না। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাগুলোর অনেক লিখন-ব্যবস্থা আছে। এগুলোকে বলা যেতে পারে সাক্ষর ভাষা। যেমন—চাকমা, গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি ইত্যাদি। অনেকগুলোর লিখন-ব্যবস্থা নেই। কিছু ভাষার লিপি দুটি—বাংলা লিপি ও রোমান লিপি। কিছু ভাষাভাষী কেবলই বাংলা লিপি গ্রহণ করেছে, যেমন মণিপুরি (বিষ্ণুপ্রিয়া)। কিছু ভাষাভাষী কেবল রোমান লিপি ব্যবহার করে। কিছু ভাষাভাষী তাদের সাংস্কৃতিক ঐতিহ্য-আশ্রয়ী কোনো বর্ণমালা বা লিপি গ্রহণে আগ্রহী। অনক্ষর ভাষার লিখন-ব্যবস্থা প্রবর্তন, মৃত বা প্রায় মৃত ভাষার পুনরুজ্জীবন কিংবা সব জীবন্ত ভাষার বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সুসমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। নৃভাষাবৈজ্ঞানিক সমীক্ষা: জাতীয় শিক্ষানীতি ২০১০-এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে এবং ইতিমধ্যে সরকার এ বিষয়ে পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু করেছে। এতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশের নৃভাষাবৈজ্ঞানিক সমীক্ষা সম্পাদনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভাষাসমীক্ষা সম্পাদন এবং এসব ভাষা সংরক্ষণ করে ভাষাগুলোর উন্নয়ন, আধুনিকায়ন এবং ক্ষেত্রবিশেষে পুনরুজ্জীবন সাধনই এ কর্মসূচি গ্রহণের অভিপ্রায় ও উদ্দেশ্য। আমাদের দেশে প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে। কিন্তু ভাষাশুমারি জাতীয়ভাবে করা হয়েছে, এমন তথ্য নেই। তা ছাড়া এসব শুমারিগ্রন্থে ভাষাবিষয়ক যেসব তথ্য আছে, সেগুলো পর্যাপ্ত নয়। একসময় প্রতিটি জেলা থেকে ডিস্ট্রিক্ট জেলা গেজেটিয়ার প্রকাশিত হতো। এসব গেজেটিয়ারে জেলার অন্যান্য তথ্যের সঙ্গে ভাষিক বৈচিত্র্যের পরিচয় দেওয়া হতো। বর্তমানে এগুলো প্রকাশিত হচ্ছে না। জেলার প্রশাসনিক এসব তথ্য নির্ভরযোগ্য হলেও সাংস্কৃতিক, বিশেষত ভাষাবিষয়ক তথ্য প্রামাণিক বলে মানতে বিশেষজ্ঞরা কুণ্ঠা বোধ করেন। বাংলাদেশের নৃগোষ্ঠীগুলোর নৃভাষাবৈজ্ঞানিক সমীক্ষা কার্যক্রম পরিচালনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে গত বছরের ১২ নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সভা হয়, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা ও ইংরেজি বিভাগের সভাপতি, ভাষাবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:ক. ভাষাবৈজ্ঞানিক সমীক্ষার জন্য একটি চেকলিস্ট তৈরি। খ. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে সমীক্ষাবিষয়ক বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন।গ. দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও চেয়ারপারসনকে এই কাজে সম্পৃক্ত করা। ঘ. সমীক্ষা তৈরির দায়িত্ব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে দেওয়া।ঙ. সমীক্ষার ক্ষেত্রে ভাষাবৈজ্ঞানিক ও নৃবৈজ্ঞানিক বিবরণী—দুটোকেই গুরুত্ব দেওয়া। চ. এক বছরের মধ্যে সব নৃগোষ্ঠীর ভাষাবৈজ্ঞানিক বৃত্তান্ত তৈরি করা। এর পর ১১ ডিসেম্বর শিক্ষাসচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে নৃভাষাবৈজ্ঞানিক সমীক্ষাবিষয়ক দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সমীক্ষা সম্পন্ন করার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে মূল ও সাধারণ কমিটি গঠন, সমীক্ষা কার্যক্রমে বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমিক/ইনস্টিটিউট/কেন্দ্র সম্পৃক্ত এবং সমীক্ষার একটি সম্ভাব্য চেকলিস্ট তৈরি করার সিদ্ধান্ত হয়। এ সমীক্ষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে, যা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। সমীক্ষাটি তৈরি হলে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষাসংক্রান্ত তথ্য সংকলনে এটি তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।কামাল চৌধুরী: শিক্ষাসচিব ও কবি।