সাভারে ভবনধসে সৃষ্ট মানব-বিপর্যয়ের পর সংগত কারণেই দেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, এই শিল্পে কি পোশাক তৈরি হয়, না শিল্পকর্মীদের অনিরাপদ পরিবেশে কাজ করতে বাধ্য করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়?সাভারের ঘটনায় সারা বিশ্বে বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান ও সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভ্যাটিকানের পোপ বাংলাদেশে পোশাকশিল্পে দাসপ্রথা চলছে বলে অভিযোগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশের পোশাক কারখানার অনেক মালিক পশ্চিমা ব্যবসায়ীদের মতো ধনাঢ্য, অথচ কারখানার শ্রমিকদের খুবই কম মজুরি দেন। এসব অভিযোগ অসত্য নয়। উপরন্তু, প্রতিবছর ঈদের আগে বকেয়া বেতন-বোনাসের জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হয়।প্রতিবার অনিয়ম, অব্যবস্থাপনা ও ভুল-ত্রুটি দূর করার কথা বলা হলেও তা কার্যকর হয়নি। নিহত শ্রমিকদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও ধারাবাহিকভাবে সম্পন্ন করা হয়নি। আইনি ব্যবস্থা দুর্বল হওয়ায় পরবর্তীকালে পোশাকশিল্পের মালিকেরা শ্রমের পরিবেশ উন্নত করা এবং শ্রমিকদের নিরাপত্তার প্রতি প্রয়োজনীয় মাত্রায় মনোযোগী হননি।এই তিক্ত বাস্তবতার পটভূমিতে এখন বিশ্বের নামীদামি ব্র্যান্ড বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বছরে দুই হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করে যে শিল্প দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চার করছে এবং যার ওপর ৪০ লাখ শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা নির্ভরশীল, সেই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যায় না। এ জন্য সর্বাগ্রে দরকার শ্রমিকদের নিরাপত্তা, কাজের উন্নত পরিবেশ ও মজুরি নিশ্চিত করা। আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট হুংবো বাংলাদেশের তৈরি পোশাক বর্জন বা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসন্ন বিপর্যয় এড়ানোর যে উদ্যোগ নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু প্রাথমিক দায়িত্ব আমাদেরই। সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে নিয়মিত তদারকি, অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দোষী উদ্যোক্তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা মনে করি, শ্রম ও শ্রমিকের নিরাপত্তা দেওয়া গেলে বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকশিল্পের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা কঠিন হবে না।