একসময় আমাদের শাসকেরা জনসমর্থন বাড়াতে হরেক রকম বিপ্লবের বুলি আওড়ালেও বাস্তবে তাঁরা খুব কম সাফল্য দেখিয়েছেন। কিন্তু শত বাধাবিপত্তি সত্ত্বেও এ দেশের সাধারণ শ্রমজীবী মানুষ যে বিপ্লব সাধন করেছেন, তার প্রমাণ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের চতুর্থ স্থান লাভ। প্রথম তিনটি দেশ হলো যথাক্রমে চীন, ভারত ও মিয়ানমার। আয়তনে বহুগুণে বড় চীন ও ভারতের পর বাংলাদেশের চতুর্থ অবস্থান চলে আসা বিস্ময়কর ঘটনা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে দেশে ৩৪ লাখ ৫৫ হাজার টন মাছ উৎপাদিত হয়েছে, যার মধ্যে চাষ করা মাছের উৎপাদন প্রায় ২০ লাখ টন। জাটকা নিধন বন্ধের ফলে ইলিশের বার্ষিক উৎপাদন ৫২ হাজার মেট্রিক টন বেড়ে হয়েছে সাড়ে তিন লাখ মেট্রিক টন। ১০ বছরে বাংলাদেশি মানুষের মাছ খাওয়ার পরিমাণ দ্বিগুণ হওয়ার পাশাপাশি রপ্তানি বেড়েছে ১৩৫ গুণ।
মাছ উৎপাদনে চতুর্থ বাংলাদেশ বলার অপেক্ষা রাখে না যে মৎস্য খাতের এই সাফল্যের পেছনে সংশ্লিষ্ট সবার অবদান আছে। পূর্বাপর সরকারগুলোর ধারাবাহিক সহায়ক নীতি এবং মৎস্যবিজ্ঞানীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন দেশের মৎস্যভান্ডার সমৃদ্ধ করেছে। তবে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মাছচাষিরা। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) বাংলাদেশের প্রধান নির্বাহী আখতার আহমদ যথার্থই বলেছেন, সরকারের মহাপরিকল্পনা ছাড়াই এই সাফল্যের পেছনে মাছচাষিদের সাহস ও সৃজনশীলতা সক্রিয় ভূমিকা রেখেছে। হিমাগারসহ অবকাঠামোগত সুবিধা পেলে মাছের উৎপাদন আরও বাড়বে। বাংলাদেশে অনেক বিশেষায়িত ব্যাংক আছে। সে ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্যও ঋণসুবিধাসহ প্রয়োজন বিশেষ প্রণোদনা।
কেবল মাছ নয়, ধান, রবিশস্যসহ গোটা কৃষি খাতেই বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করে চলেছে। একদা খাদ্য ঘাটতির দেশটি এখন বিদেশে চাল রপ্তানির কথাও ভাবছে। নারীশিক্ষা, স্বাস্থ্যসেবা, গড় আয়ু, মা ও শিশুমৃত্যুর হার হ্রাসসহ অধিকাংশ সামাজিক সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। তাই দেশের জেলে সম্প্রদায়সহ সব শ্রমজীবী মানুষের প্রতি আমাদের অভিবাদন।