মিয়ানমারের সরকারি বাহিনী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর নির্যাতনের মুখে পলায়নপর রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে ঢুকছে। মিয়ানমারের রাষ্ট্রীয় শক্তির পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের উন্মাদনা বন্ধ করতে অনতিবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর ব্যবস্থা গ্রহণ যে একান্ত জরুরি হয়ে পড়েছে, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সামনে অন্যতম জ্বলন্ত সমস্যা হিসেবে দেখা দিয়েছে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঠিক হিসাব রাখা। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে ছড়িয়ে পড়া সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গারা বানের পানির মতো বাংলাদেশে প্রবেশ করছে। কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার নিরিখে আমরা রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়দান-সংক্রান্ত সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে উদ্বিগ্ন।
অবস্থা এতটাই অমানবিক ও ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে যে রোহিঙ্গারা যেকোনোভাবেই হোক বাংলাদেশে ঢুকে পড়ছে। তাই এখনই অত্যন্ত সতর্কতা ও দূরদর্শিতার সঙ্গে নতুন প্রবেশ করা রোহিঙ্গাদের তালিকা তৈরি করতে না পারলে তারা আগের মতোই নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রের বাইরে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশে আসলে কতসংখ্যক রোহিঙ্গা রয়েছে, তার কোনো সঠিক পরিসংখ্যান আমরা জানি না। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গত মঙ্গলবার জেনেভায় এক ব্রিফিংয়ে এবারের সহিংসতায় ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এই সংখ্যা ১ লাখ ৮০ হাজার পর্যন্ত বলা হচ্ছে।
আমরা মনে করি, বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের ডিজিটালাইজড ডেটাবেইস তৈরি করা জরুরি হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি, অং সান সু চি বা তাঁর সরকারের বিরুদ্ধে বিশ্ব যেভাবে সরব হয়ে উঠেছে, তাতে মিয়ানমারের সরকার অনির্দিষ্টকাল নীরব থাকতে পারবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দুই বন্ধুপ্রতিম প্রতিবেশীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়টিকে আমরা সময়ের ব্যাপার বলেই ধরে নিতে চাই। ফলে কতসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বা আছে তার একটি বিশ্বাসযোগ্য তালিকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে সংঘাতের কারণে যারা বাংলাদেশে প্রবেশ করেছে, তারা যদি চিহ্নিত ও তালিকাবদ্ধ থাকে, তাহলে তা সামগ্রিক রোহিঙ্গা উদ্বাস্তু–সংকট নিরসনে সহায়ক হবে।
এখন ডিজিটাল যুগ। সরকারের উচিত উপযুক্ত লোকবল ও প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে জরুরি ভিত্তিতে প্রত্যেকের ছবিসহ একটি ডিজিটাল ডেটা ব্যাংক তৈরি করা। সরকার রোহিঙ্গাদের বায়োমোট্রিক পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই।
সরকারকে মনে রাখতে হবে, আমরা এখন পর্যন্ত বিশ্ববাসীর কাছে বাংলাদেশে মানবিক আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মোট সংখ্যা প্রকাশ করতে পারিনি। রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান স্রোতের আগেই এই সংখ্যাকে কমবেশি ৪ লাখ বলে ধরা হয়। এ বিষয়ে যত বেশি অস্পষ্টতা থাকবে, ততই কিন্তু দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় ফোরামে কথাবার্তা বলতে বাংলাদেশের দরকষাকষির ক্ষমতা বা কৌশল অপেক্ষাকৃত দুর্বল হওয়ার আশঙ্কা থাকবে।