বাংলাদেশের অগ্রযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দুঃসংবাদের মধ্যেও অর্থনীতিতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রার খবরটি আমাদের মনে আশা জাগায়। ৪০ বছর আগে কল্পনাও করা যেত না যে অর্থনীতিতে শক্তিশালী দেশগুলোর সঙ্গে আমরা টক্কর দিতে পারব। মুম্বাইয়ের ব্যবসা-বাণিজ্যসম্পর্কিত ওয়েবসাইট বিজনেস স্ট্যান্ডার্ড–এর সূত্রে জানা যায়, মোট দেশজ উৎপাদন বা জিডিপি, মাথাপিছু আয় ও মানবসম্পদ সূচকে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ধীরে ধীরে কমে আসছে। গড় আয়ুতে আমরা পাকিস্তান ও ভারতের চেয়ে এগিয়ে আছি। এ ছাড়া নারী শিক্ষা ও ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অগ্রগতিও চোখে পড়ার মতো।

বিজনেস স্ট্যান্ডার্ড-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালসহ আগের তিন বছরে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে ১৪ শতাংশ। ওই বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩৫৫ মার্কিন ডলার। এই ধারা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ মাথাপিছু আয়ে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে। ভারতের একজন নাগরিক বাংলাদেশের নাগরিকের চেয়ে ২৫ শতাংশ বেশি আয় করেন, অথচ ২০১১ সালে ভারতের নাগরিক আয় করতেন ৮৭ শতাংশ বেশি। ২০১৬ সালসহ আগের তিন বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ক্ষেত্রে সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধি (সিএজিআর) ১২ দশমিক ৯ শতাংশ হারে বেড়েছে। এ ক্ষেত্রে ভারতের প্রবৃদ্ধির হার অর্ধেকের কম—৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে পাকিস্তানের সিজিআর ৮ দশমিক ৬ শতাংশ। আর চীনের অর্থনৈতিক প্রসারের বার্ষিক হার ৫ দশমিক ২ শতাংশ। ভারতের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রে তা ছিল ৭ দশমিক ৬ শতাংশ।

এর আগে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন আয়ের দেশের বৃত্ত থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিল। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। অদূর ভবিষ্যতে মধ্যম আয়ের দেশ হওয়ারও স্বপ্ন দেখি। সম্প্রতি জাতিসংঘ বলেছে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এগুলো নিঃসন্দেহে আশা জাগানো ঘটনা। কিন্তু সেই সঙ্গে এ–ও মনে রাখা প্রয়োজন যে বার্ষিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ই অর্থনৈতিক উন্নয়নের নির্দেশক নয়। এর সুফল দেশের নাগরিকদের মধ্যে কীভাবে বণ্টিত হচ্ছে সেটাও বিবেচনা করে দেখতে হবে। দেশের অর্থনীতি যে গতিতে বাড়ছে, সেই গতিতে দারিদ্র্য কমছে না। এখনো দেশের ২২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দেশের সিংহভাগ সম্পদ পুঞ্জীভূত হচ্ছে একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে, যা আমাদের, মুক্তিযুদ্ধের মৌলনীতির পরিপন্থী। মুক্তবাজার অর্থনীতি বজায় রেখেও যে শোষণ ও বৈষম্যের মাত্রা কমিয়ে আনা সম্ভব, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তা প্রমাণ করেছে।

অতএব অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি আমাদের আয়বৈষম্য কমানোর দিকে নজর দিতে হবে। মানবসম্পদের সূচককে সর্বোচ্চ পর্যায়ে নিতে হলে আমাদের প্রথম কাজ হবে প্রত্যেক নাগরিককে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, সেই জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। প্রতিবছর যে লাখ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন, তাঁদের কাজের ব্যবস্থা না করে অর্থনীতি কেন, কোনো উন্নয়নকেই টেকসই করা যাবে না। বাংলাদেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করছেন যে কৃষক এবং দেশে ও বিদেশে কর্মরত শ্রমিক, তাঁদের জীবনমান উন্নয়নের কথাও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

আমরা যদি কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চাই, তাহলে প্রত্যেক নাগরিকের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক বিকাশের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি, তেমনি অপরিহার্য হলো একটি
সুস্থ ও সবল গণতান্ত্রিক পরিবেশ। পথের বাধাগুলো দূর করতে পারলে
বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া কেন, বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গেও সমানতালে পাল্লা দিতে পারবে।