যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি জড়িত। বাংলাদেশের ক্ষেত্রেও কথাটি একইভাবে সত্য। তবে বাংলাদেশের সামনে এখন বাড়তি কিছু সম্ভাবনার লক্ষণ দেখা যাচ্ছে। অন্যদিকে এর পাশাপাশি রয়েছে হরতালের মতো অর্থনীতিবিনাশী রাজনৈতিক কর্মসূচি। আশা ও সম্ভাবনার মাঝে এই উটকো বাধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।দেশের ‘অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে’ এক মতবিনিময় সভার আয়োজন করেছিল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গণমাধ্যমের সম্পাদক ও প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মতবিনিময় সভায় ব্যবসায়ী সমাজ সামনের দিনগুলোতে দেশের অর্থনৈতিক উন্নয়নের বেশ কিছু সম্ভাবনার দিক তুলে ধরেছেন। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং হরতালের মতো কর্মসূচি বাদ দেওয়া গেলে ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাতে পারবেন।বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির এক বিশেষ বাঁকে এসে বাংলাদেশের জন্য নানা কারণেই সম্ভাবনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগে চীনে বিনিয়োগ করত, এমন অনেক দেশ এখন বাংলাদেশের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। তুরস্ক ও জাপানের মতো দেশ এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। চীনের পরিবর্তে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য কিনতে চায় জাপান। এগুলো সবই অর্থনীতির জন্য শুভ লক্ষণ।এমন পরিস্থিতিতে দেশের ব্যবসায়ী সমাজ এবং ব্যাপক অর্থে বললে দেশের জনগণের চাওয়া হচ্ছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা। এর অভাব এই সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। সরকার, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দল—সব পক্ষকেই বিষয়টি অনুধাবন করতে হবে। জনগণ যে হরতালের মতো কর্মসূচি চায় না, এ বিষয়টি বলা যায় অনেকটাই মীমাংসিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি ফিরে এসেছে। গত নভেম্বরে এক মাসে দুটি হরতাল পালিত হয়েছে। ২৬ ডিসেম্বর ইসলামি দলগুলো যে হরতালের ডাক দিয়েছে, তাতে সমর্থন দিয়েছে দেশের প্রধান বিরোধী দল।মতবিনিময় সভায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তাই বলেছেন, অর্থনীতিতে যেমন উষার আলো দেখা যাচ্ছে, তেমনি ঈশান কোণে কালো মেঘও দেখা যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দায় তাই চূড়ান্ত বিচারে সরকারকেই নিতে হবে। এ ছাড়া সরকারি দলের লোকজনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবকাঠামোগত সমস্যা, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতিও অর্থনৈতিক সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে। এ সমস্যাগুলো দূর করতে সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।দেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতি যে দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে, সে প্রসঙ্গও মতবিনিময় সভায় আলোচিত হয়েছে। এই খাতের অস্থিরতা সম্পর্কে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য যে মন্তব্য করেছেন, তা বিবেচনায় নেওয়া জরুরি। আমরা মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়নের যে সম্ভাবনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগাতে হবে। কারণ, একই ধরনের সুযোগ ও সম্ভাবনার পরিস্থিতি এই প্রতিযোগিতামূলক বিশ্বে বেশি দিন বজায় থাকবে না। দেশের ব্যবসায়ী সমাজ, সরকার ও রাজনৈতিক শক্তি—সবাই মিলেই কাজটি করতে হবে।