আমার জন্মের শহর শিয়ালকোট ছাড়ার সময় ঢাকাকে জানতাম অনেক দূরের এক বিন্দু বলে। দেশভাগ আমাকে ঠেলে পাঠাল দিল্লিতে এবং সুখকরভাবে দূরের বিন্দুটি আরও কাছে চলে এল। ঢাকা নবপ্রতিষ্ঠিত বাংলাদেশের রাজধানী হওয়ার পরের প্রথম প্লেনেই আমি উঠে বসলাম। সেই প্রথমবারের মতো আমি ক্লান্তমুখে দেশে-ফেরা বাঙালিদের মুখে জয় বাংলা স্লোগান শুনতে পাই। ঢাকা বিমানবন্দরে বিশৃঙ্খলা, যত্রতত্র মালপত্র ছিটানো, যাত্রীদের দীর্ঘ সারি। অথচ প্রতিটি মুখে লেখা ছিল নতুন দেশকে সফল করার সংকল্প। সেটা প্রায় ৪০ বছর আগের ঘটনা। এরপরে যখনই ঢাকা গিয়েছি, সেই চেতনার সন্ধান করেছি। এখন আবার জয় বাংলার ফিরে আসা দেখছি। ১৮ কোটি মানুষের বেশির ভাগই গর্বের সঙ্গে অনুভব করছে, তাদের ভেতরে লুকানো সেই আশাবাদ মুছে যায়নি। আলোড়নের তিন সপ্তাহ পরে, তারা প্রমাণ করেছে, রাষ্ট্রের জন্মের সময়ে তারা যে মৌলবাদের বিরুদ্ধে লড়েছিল, সেই লড়াই শেষ হয়নি। যেন সংকল্প হারানো একটি দেশ আবার ফিরছে সঠিক রাস্তায়। জামায়াতে ইসলামী ধর্মনিরপেক্ষ আদর্শের বিরোধিতা করবেই। কারণ, তারা গণতান্ত্রিক সমন্বয়বাদে বিশ্বাস করে না। তাই তাদের সহিংসতার লক্ষ্য হলো বাংলাদেশ যে স্বাধীনতার আদর্শে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আদর্শের বিলোপ ঘটানো। স্বাধীনতাসংগ্রাম ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রতিফলন। ধর্ম জাতি গঠন করে না; জাতিই ধর্ম সৃষ্টি করে। কেবল বিশ্বাসের কারণে মুসলমান ও হিন্দুদের আলাদা করার চেষ্টা তাই বিফল হবে। আজ যে জনগণ স্বাধীনতার জন্য সর্বস্ব বাজি রেখেছে, তাদের মৌলিক চাওয়া তিনটি: স্বাধীনতাসংগ্রামের সময় যারা যুদ্ধাপরাধ করেছে তাদের মৃত্যুদণ্ড; জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা এবং জামায়াত-নিয়ন্ত্রিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বর্জন।যারা স্বাধীনতার নামে ক্ষমতা কুক্ষিগত করেছে, তাদের শাস্তি দেওয়া ছাড়া যে বাংলাদেশ তার ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী চরিত্র টিকিয়ে রাখতে পারবে না; তা উপলব্ধি করতে বাংলাদেশের বেশ কয়েক বছর লেগে গেছে। কারণ, এরা সত্যিকার মুক্তিযোদ্ধা ছিল না। স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যে তরুণেরা, তারা জনগণকে দেখতে বাধ্য করেছে যে, সত্যিকার মুক্তিকামীদের সরিয়ে দেওয়া হয়েছে। অথচ স্বাধীনতার সুফল এদেরই পাওয়ার কথা ছিল। এই প্রক্রিয়ায় স্বাধীনতাবিরোধী শক্তি যখন ক্ষমতায় ছিল, তখন তারা বাংলাদেশের বহুত্ববাদী সমন্বয়ী চরিত্রের মধ্যে ধর্মকে মিশিয়ে দিয়েছে। ঠিক এই কাজটাই করেছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ও জামায়াত। এইবার তরুণেরা দেশকে বুঝিয়ে দিয়েছে যে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ জনগণকে নিষ্পেষণ করেছিল, মুক্তিযোদ্ধাদের তাদের থেকে আলাদা হতেই হবে। মুক্তিযোদ্ধারা মনে করে, জামায়াত হলো রাজাকার মিলিশিয়া বাহিনীর অংশ। আগ্রাসীদের পক্ষ নেওয়া শক্তিকে শাস্তি দিতে তারা বদ্ধপরিকর। রাজনীতি, অর্থনীতি ও সমাজ থেকে তারা জামায়াতি আস্তানা অপসারণ করা জরুরি মনে করে। ভুল করা যাবে না, শাহবাগের এই তরুণেরাই বাংলাদেশের একমাত্র সাম্প্রদায়িকতাবিরোধী শক্তি নয়, কিন্তু এই মুহূর্তে তারাই একমাত্র, যারা কিছু করতে চায়। যখন জামায়াতের পেটিকায় বিপুল অর্থ ঢালা হচ্ছে এবং যখন সামর্থ্যবান বিরোধী দল মৌলবাদীদের আরও ঘনিষ্ঠ হচ্ছে, তখন পরিস্থিতি মোটেই সহজ নয়। খালেদা জিয়া বোঝাতে চাইছেন, শাহবাগের আন্দোলন ভারতের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। ঢাকা সফররত ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করে নয়াদিল্লিকে এই বার্তাই দিতে চেয়েছেন। ভোটের মৌসুমে এ রকম অযৌক্তিক কথা তিনি বলছেন। কারণ, তিনি জানেন ভোটের মাঠে এর ফায়দা আছে।কিন্তু এই দুটি দল, বিশেষত জামায়াত বুঝতে চাইছে না যে বাংলাদেশ তার আত্মপরিচয়ের জন্য লড়াই করছে। যে আত্মপরিচয় তাদের উদ্বুদ্ধ করেছিল স্বাধীন হতে, সেই আত্মপরিচয়ই আবার তাদের বাধ্য করেছে মুক্তির অর্থকে আবার ঘষেমেজে পরিষ্কার করতে। ইস্যুটিকে যতই মেঘাচ্ছন্ন করা হবে, ততই এই আত্মপরিচয়ের চিৎকার জোরালো হবে। বাংলাদেশিরা আজ জেগে গেছে। ভারতের জন্যও এখান থেকে শেখার আছে। বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রতি আমাদের বুনিয়াদি প্রতিজ্ঞাকে আমরা ভোটের রাজনীতির স্বার্থে বিকৃত করেছি। এরই পরিণতিতে সাম্প্রদায়িক, বর্ণবাদী ও আঞ্চলিকতাবাদের উত্থান ঘটেছে। কার্যত স্বাধীনতার সময় থেকে গঠিত আমাদের বহুত্ববাদী সমাজব্যবস্থাকে আমরা ধ্বংস করে ফেলেছি। আমাদের পূর্বপুরুষেরা যে বহুত্ববাদী ও গণতান্ত্রিক দেশের ধারণা সংবিধানের ধ্রুবতারা করে রেখেছিলেন, সেই দেশকে কি আমরা পুনরুদ্ধার করতে পারব? আমার মনে হচ্ছে, বাংলাদেশ তার জন্মের উদ্দেশ্য হাসিলে আবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বিপরীতে আমরা কী করছি? আমরা সর্বদাই আমাদের অতীতের গৌরবকীর্তন করে যাচ্ছি। আর বাংলাদেশ এগিয়ে যেতে চায়। ভারত এখনো বোঝা শুরু করেনি যে আমরা কী হারিয়েছি। গালফ নিউজ থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিতকুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।