এই মুহূর্তে ছাত্রশক্তির এক বিপুল উত্থান প্রত্যক্ষ করছে বাংলাদেশ। এই নব-উত্থানের কেন্দ্রে রয়েছে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত কয়েকজন ব্যক্তির বিচার, যাঁরা নিজের দেশের মানুষের বিরুদ্ধে ওই সব অপরাধ সংঘটন করেছিলেন। ৪১ বছর পর বাংলাদেশের ইতিহাসের ভেদরেখাগুলো আবার স্পষ্ট হয়ে উঠেছে। ১৯৭১ সালে নৃশংস মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের প্রথম দুই আসামির বিচারের রায়ের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ ও হরতাল করেছে জামায়াতে ইসলামী; এই দলটির শীর্ষস্থানীয় নেতাদেরই বিচার চলছে যুদ্ধাপরাধের বিচারসংক্রান্ত ট্রাইব্যুনালে। প্রথম রায়ের আসামি, যাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তিনি পাকিস্তানে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় জনের শাস্তি হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দ্বিতীয় রায়টি তরুণ সমাজের মধ্যে ডেকে এনেছে প্রতিবাদ-বিক্ষোভের সুনামি; তরুণ সমাজ দাবি করছে সব অভিযুক্তের মৃত্যুদণ্ড। বিপুলসংখ্যক মানুষ এই ইস্যুর পক্ষে আন্তরিকভাবে যোগ দিয়েছেন।১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে কিছু মানুষ ছিলেন, পাকিস্তানের প্রতি যাঁদের আন্তরিক বিশ্বাস ছিল; পাকিস্তান সেনাবাহিনীর বর্বর হামলার শিকার হওয়ার আগ পর্যন্ত তাঁরা পাকিস্তানে বিশ্বাসী ছিলেন। অবশ্য পাকিস্তানের প্রতি কিছু মানুষের আনুগত্য ও অঙ্গীকার ছিল অন্ধের মতো। শুধু তা-ই নয়, তাঁদের সেই অন্ধ আনুগত্য এতই প্রবল ছিল যে নিজেদের দেশের মানুষের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালাতে তাঁরা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছেন এবং নিজেরাও অংশ নিয়েছেন। তাঁদের অনেকেই ছিলেন জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত; আজ তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।পাকিস্তান সেনাবাহিনীকে যাঁরা সহযোগিতা করেছিলেন, তাঁদের ব্যাপারে যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ সরকার পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি—এখানেই নিহিত রয়েছে আজকের জনবিস্ফোরণের উৎস। তার পরের বছরগুলোতে সামরিক শাসনের সময় ওই সব ব্যক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। জামায়াতকে প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই বিভিন্ন সময়ে জামায়াতের ‘ইসলামি’ লেবাসকে প্রশ্রয় দেওয়া সুবিধাজনক বলে মনে করেছে। আর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী হিসেবে কাউকে কাউকে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে, যাঁদের হাতে লেগে রয়েছে ১৯৭১ সালের রক্ত। এই সময়কালেই সরকারের উদাসীনতা বা সহযোগিতার কারণে বাংলাদেশ ইসলামি মৌলবাদের অতল খাদের কিনারে পৌঁছে যায়।বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিক সংবাদপত্রে মন্তব্য করা হয়েছে যে বাংলাদেশ এখন ‘এক অনন্য ঐতিহাসিক মুহূর্তের মুখোমুখি, যার তাৎপর্য উপলব্ধি করা প্রয়োজন’। ষাটের দশকের ছাত্র আন্দোলনের পেছনে যেসব নীতি-আদর্শ ছিল এবং যা ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের ভিত্তি হিসেবে কাজ করেছিল, পরবর্তী বছরগুলোর ছলাকলাময় রাজনীতির কুয়াশায় তা হারিয়ে গিয়েছিল। ১৯৭১ সালের কৃতকর্মের জন্য জামায়াতের অনুশোচনা বোধ করা বা দুঃখ প্রকাশ করা দূরে থাক, তারা বরং নির্লজ্জভাবে বলে যে একাত্তরে তাদের অবস্থান ঠিকই ছিল। আজ থেকে তিন দশক আগে ‘শহীদজননী’ জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচার করার উদ্দেশ্যে গণ-আদালত গঠনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সে জন্য তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন সংগঠনে তিনি যে পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাঁর সেই অবদানের স্বীকৃতি কখনোই সরকারের তরফ থেকে আসেনি। সেটা এসেছে জনসাধারণের ভেতর থেকে; আজকের গণজাগরণে দেখা যাচ্ছে, বাংলাদেশের মানুষ জাহানারা ইমামের অবদানের কথা ভোলেনি। তাঁর নেতৃত্বে ঘাতক-দালালবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জেগে রয়েছে একাত্তরের চেতনা। বাংলাদেশের তরুণ সমাজ তার সেই হারানো ঐতিহ্য ফিরে পেতে আজ দৃঢ়প্রতিজ্ঞ; যুদ্ধাপরাধের বিচারসংক্রান্ত ট্রাইব্যুনাল তাদের সেই দিকে মনোযোগ নিবদ্ধ করার সুযোগ করে দিয়েছে।বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি পড়ে গেছে এক গুরুতর উভয়সংকটে। জামায়াতের সঙ্গে দলটির সম্পর্ক আছে, গত নির্বাচনে জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনী বোঝাপড়া হয়েছিল—এসব কথা সবাই জানেন। বিএনপি কখনোই যুদ্ধাপরাধের বিচারের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন প্রকাশ করেনি (অভিযুক্তদের মধ্যে দলটির একজন প্রথম সারির নেতাও আছেন); তারা বিচার-প্রক্রিয়ার ঘাটতির কথা বলে এসেছে, অভিযোগ করে এসেছে যে এই ইস্যু থেকে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তরুণ সমাজের চলমান প্রতিবাদ-বিক্ষোভ সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, তাতে অভিযোগ করা হয়েছে যে সরকার বিক্ষোভকারীদের উৎসাহ জোগানোর মধ্য দিয়ে জাতির জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, সীমান্তে সার্বভৌমত্ব রক্ষার দিকে সরকার নজর দিচ্ছে না। অনেক আগে বিএসএফের গুলিতে এক বালিকার নিহত হওয়ার পুরোনো ইস্যুটি নতুন করে তুলে ধরেছে বিএনপি। তবে এটা পরিষ্কার যে ভারতীয় জুজুর ভয় জাগিয়ে তোলার ক্ষেত্রে বিএনপি একটা চ্যালেঞ্জ বোধ করছে, কারণ, সেটা করতে হলে দলটির প্রধান নেত্রী খালেদা জিয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করতে হয়। গত বছরের অক্টোবরে ভারত সফরকালে খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে তিনি বা তাঁর দল আর ভারতবিরোধী প্রচারণায় লিপ্ত হবেন না। তরুণ সমাজের বিক্ষোভে ‘ফ্যাসিবাদী’ প্রবণতার সমালোচনা করা হয়েছে বিএনপির প্রতিক্রিয়ায়। দলটি অবশ্য পরে সুস্থির চিন্তায় জনসাধারণের মনোভাব লক্ষ করে তরুণ সমাজের দাবি-দাওয়াগুলো বুঝতে পেরেছে। তারা তরুণদের আন্দোলনের সঙ্গে নিজেদের কিছু এজেন্ডা যুক্ত করার আহ্বান জানিয়েছে, যেমন দুঃশাসন দূর করা, আরও যেসব সমস্যা বাংলাদেশকে গ্রাস করে আছে। কিন্তু তরুণ সমাজের মূল ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার এই কৌশল কাজে আসবে বলে মনে হয় না। আরও একটি বিষয় বিএনপির ভালো লাগছে না; তা হলো, তরুণ সমাজের এই আন্দোলনে ফিরে এসেছে ‘জয় বাংলা’ স্লোগানটি, যেটাকে বিএনপি জনগণ কর্তৃক ‘পরিত্যক্ত’ বলে মনে করে। এই ‘জয় বাংলা’ স্লোগানের কারণে বিএনপি বলছে, তরুণ সমাজের এই আন্দোলনের রাজনৈতিকীকরণ ঘটে গেছে। কিন্তু বাংলাদেশের জনগণের বেশ ভালোভাবে মনে আছে, ‘জয় বাংলা’ আওয়ামী লীগের একার স্লোগান ছিল না, তা ছিল ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের স্লোগান। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর পাকিস্তানি ধরনে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের নিচে চাপা পড়ে গিয়েছিল ‘জয় বাংলা’।বাংলাদেশে তরুণ সমাজের চলমান আন্দোলন রাজনৈতিক দলগুলোর রাজনীতি বা রাজনৈতিক মঞ্চের কুশীলবের ব্যাপার নয়। গভীরতর অর্থে এ আন্দোলন বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির স্বরূপ নিয়ে, বাংলাদেশ নামক রাষ্ট্রটির নৈতিক আদর্শের ভবিষ্যৎ নিয়ে। উদার, বহুত্ববাদী একটা সমাজের প্রতি বাংলাদেশের মানুষের অন্তর্নিহিত অঙ্গীকার ফুটে উঠেছে এই আন্দোলনের মধ্য দিয়ে। এক প্রচণ্ড ঘূর্ণিবায়ুর মধ্যে পড়ে খাবি খাচ্ছে বিএনপি। আওয়ামী লীগের নিশ্চিত করা দরকার, এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে যেন রাজনৈতিক রং না লাগে।চ্যালেঞ্জগুলো রয়েছে সামনে। রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলবে। একেবারে গোড়ার কিছু অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি বাংলাদেশকে করে ফেলতে হবে। রাজাকার শব্দটি নির্বিচারে ব্যবহূত হতে থাকলে সেই কাজটি কঠিন হবে। স্বাধীনতাযুদ্ধের সময় যাঁরা ভারতে আশ্রয় নেননি বা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেননি, তাঁদের ব্যাপারে সেই সময়ে সাধারণ মনোভঙ্গির কথা বলতে গিয়ে ১৯৭২ সালে একজন বিশিষ্ট সাংবাদিক বলেছিলেন, ‘ছয় কোটি চল্লিশ লাখ রাজাকার’। কিন্তু ভীতি, আতঙ্ক আর নিরন্তর নীরব উৎকণ্ঠার মধ্যে কেটেছে তাঁদের দিনরাত্রিগুলো। মনোযোগ নিবদ্ধ করতে হবে বরং সেই লোকদের প্রতি, যাঁরা যুদ্ধের সময় হত্যা-ধর্ষণসহ নানা অপরাধে লিপ্ত থেকেছেন, তারপর যে দেশের জন্মের বিরোধিতা করেছেন, সেই দেশে ধনেমানে বেড়ে উঠেছেন।১৯৭১ ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। ভারতে কিছু মানুষ এটাকে দেখেন শত্রু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় হিসেবে। পাকিস্তানিরা এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাননি; তাঁদের মধ্যে অল্প কিছু মানুষ স্বীকার করেন যে হত্যাযজ্ঞ হয়েছে, কিন্তু অধিকাংশ পাকিস্তানিই বিশ্বাস করেন, একাত্তরের ঘটনাটি ঘটিয়েছে আসলে হিন্দু ভারত। বাংলাদেশেও কিছু মানুষ আছেন, যাঁরা এ রকম মনে করেন। অল্প কয়েক বছর আগেই বাংলাদেশের একজন মন্ত্রী এমন কথা বলেছিলেন।১৯৭১ সালের নয় মাস বাংলাদেশের অনেক মানুষকে দিনযাপন করতে হয়েছে চরম ভীতি ও উৎকণ্ঠার মধ্যে; কিছু মানুষ পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। অনেক নিরীহ সাধারণ বেসামরিক মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, নারীদের সম্ভ্রমহানি করা হয়েছে। আর ছিলেন পাকিস্তানি সশস্ত্র বাহিনীগুলোর মধ্যকার বাঙালি সদস্য, কৃষক, মজুর ও ছাত্ররা, যাঁরা দেশকে মুক্ত করতে অস্ত্র ধরেছিলেন, তাঁদের অনেকেই অকাতরে প্রাণ দিয়েছেন। আজ আমরা যা দেখছি, একজন সাংবাদিক ও মুক্তিযোদ্ধার ভাষায়, তা সম্ভবত ইতিহাসের পুনরুদ্ধার; জনগণের ইতিহাসের স্বত্ব ফিরে পাওয়া। এই আন্দোলনে অনেক তরুণের কণ্ঠে উচ্চারিত হয়েছে শহীদের রক্তের ঋণ শোধ করার কথা, যে শহীদ বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন।বাংলাদেশে বসন্ত আসে রক্ত ও অর্জনের স্মৃতি নিয়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের যে রক্ত ঝরেছিল, তা-ই প্রেরণা জুগিয়েছিল পরবর্তীকালের স্বাধিকার আন্দোলনের দিনগুলোতে। ১৯৭১ সালের মার্চে বৈধ রাজনৈতিক অধিকারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ, রেসকোর্স ময়দানে শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণে উচ্চারিত হয়েছিল আসন্ন সংগ্রামের পূর্বাভাস এবং চূড়ান্তভাবে নেমে এসেছিল পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা অভিযান। ২০১৩ সালের এই বসন্ত হয়তো এসেছে এক তাৎপর্যময় মাইলফলক হিসেবে, কয়েক দশকের পুঞ্জীভূত গ্লানি থেকে জনমানসকে মুক্ত করার সম্ভাবনা নিয়ে।ইংরেজি থেকে অনূদিতদেব মুখার্জি: অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক; বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার।