জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত রোববার এক সেমিনারে অপুষ্টি দূর করতে এর আয়োজক প্রতিষ্ঠান স্কেলিং আপ নিউট্রেশনের (সান) কাছে কৈফিয়ত দাবি করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি যেকোনো প্রতিষ্ঠানের জবাবদিহি চাইতেই পারেন। পাশাপাশি নিেজদের জবাবদিহির প্রয়োজনটিও যেন স্মরণে রাখেন।
সান আন্তর্জাতিক মোর্চা। জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে সরকারি-বেসরকারি সংস্থা, জাতিসংঘ দাতা সংস্থা, গবেষকদের নিয়ে গঠিত এই সংস্থার নীতিনির্ধারণী কমিটিতে বাংলাদেশ থেকে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের কার্যক্রম হতাশাজনক। একটি বা দুটি সেমিনারের মধ্যেই তাদের দায়িত্ব সীমিত থাকতে পারে না।
অপুষ্টি দূর করতে ‘সান’ কী করছে জানতে চান সাংসদেরাডেপুটি স্পিকার তখনই সানের কাছে প্রশ্ন রেখেছেন, যখন সংস্থাটি জনপ্রতিনিধিরা কী করেছেন, তা জানতে চেয়েছে। এ নিয়ে সান বা জনপ্রতিনিধিদের কাজ হলো সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারের গৃহীত পরিকল্পনায় অপুষ্টি রোধকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং কর্মসূচি বাস্তবায়নে কোনো বিচ্যুতি আছে কি না, সেটি খতিয়ে দেখা।
অস্বীকারের উপায় নেই যে মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। তবে সত্য যে এখনো দেশে ৩০ শতাংশের বেশি শিশু অপুষ্টির শিকার, ১৫ শতাংশ শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। আমরা খাদ্যে স্বাবলম্বী হওয়ার দাবি করলেও পুষ্টিকর খাদ্য এখনো সবার নাগালে আসেনি।
এ অবস্থায় সানকে দোষারোপ না করে ডেপুটি স্পিকারের উচিত ছিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাজের জবাবদিহি চাওয়া। তিনি সংসদে পুষ্টি বিষয়ে ককাস করার কথা বলেছেন। কিন্তু আরেকজন আইনপ্রণেতা যখন সংসদীয় কমিটির প্রস্তাব মন্ত্রণালয় আমলে নেয় না বলে জানান, তখন ডেপুটি স্পিকারের প্রস্তাবটি মূল্যহীন হয়ে পড়ে। অপুষ্টি রোধে সান কী করছে, তার চেয়েও জরুরি প্রশ্ন হলো জনপ্রতিনিধিরা কিংবা সরকার কী করছে?