২০১৮ সালে অনুষ্ঠেয় রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের আটটি খেলার মধ্যে সাতটিতে পরাজয় ও একটিতে ড্র করা আমাদের ফুটবলের মানের ক্রমাবনতিরই প্রমাণ। অতীতে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের ফুটবল একটা শক্ত অবস্থানে ছিল, এখন তা-ও নেই। ফুটবলের প্রতি ধারাবাহিক উপেক্ষা ও অবহেলার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করি।
এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফেও দায় এড়াতে পারে না। ফুটবলের নিয়মিত পরিচর্যা, অনুশীলন ও প্রশিক্ষণের দায়িত্ব তাদেরই। তবে তার পেছনে সরকারেরও সহায়ক ভূমিকা থাকতে হবে। প্রতিবার বাফুফের নির্বাচন নিয়ে যতটা তোলপাড় হয়, মাঠে তার সিকিভাগ উত্তাপ থাকলে দেশীয় ফুটবলের চেহারা অনেকটা বদলে যেত। বাফুফের নেতৃত্বে কারা এলেন বা কারা ছিলেন, তার চেয়েও জরুরি প্রশ্ন হলো, সংস্থাটি ফুটবলের উন্নয়নে কী অবদান রেখেছে?
কৃতী ফুটবলার কাজী সালাউদ্দিন বাফুফের নেতৃত্বে আসায় জনমনে আশা জেগেছিল যে বাংলাদেশের ফুটবল ঘুরে দাঁড়াবে। গত আট বছরে সেটি দৃশ্যমান হয়নি। তবে তিনি ফুটবলকে মাঠে রাখতে পেরেছেন। আগে লিগ খেলার জন্য আন্দোলন করতে হতো, এখন বছরের প্রায় ১০ মাসই খেলা হয়ে থাকে।
ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তৃতীয়বার বিজয়ী হয়ে কাজী সালাউদ্দিন জেলা, ক্লাব ও জাতীয় দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি উপজেলা পর্যায়ে একাডেমি করার অঙ্গীকার করেছেন। উপজেলা পর্যায়ে সেটি সম্ভব না হলেও অন্তত বড় শহরগুলোতে অবিলম্বে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করতে হবে। এ ব্যাপারে যে অর্থ ও লোকবলের প্রয়োজন, তার জোগান নিশ্চিত করতে হবে সরকারকে। এগিেয় আসতে হবে বেসরকারি খাতকেও। কেননা, আমাদের মতো উন্নয়নশীল দেশে সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়।
অনূর্ধ্ব-১৪ বছরের মেয়েরা পরপর দুবার এশিয়ার দক্ষিণ ও মধ্য অঞ্চলে বয়সভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছে যে, ন্যূনতম প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ পেলে বাংলাদেশও পারে। কেবল খুদে নয়, বড়দের ফুটবলেও বাংলাদেশ এগিয়ে যাক। ফুটবল নিয়ে আর যেন আক্ষেপ করতে না হয়, এ দীনতা ক্ষমা করো, প্রভু।