জেনেভা-ভিত্তিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক ২০১৪ বলছে, গত এক বছরে বাংলাদেশ এক ধাপ এগিয়ে বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে ১০৯তম স্থানে উঠে এসেছে। এ সুখবর জাতীয় সংবাদমাধ্যমে স্থান পেয়েছে, কারণ নানা সমস্যায় জর্জরিত এই জনবহুল দেশটির কোনো ক্ষেত্রে অগ্রগতির খবর মেলে কালেভদ্রে।
ডব্লিউইএফের এই সূচক আমাদের কিছু বিষয়ে গভীর ভাবনার সুযোগ করে দেয়। লক্ষ করা দরকার, একুশ শতকের এই পৃথিবীতে বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো ১০৮টি দেশের নিচে রয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান একদম তলানির দিকে; আমাদের নিচে রয়েছে একমাত্র পাকিস্তান। কিন্তু পাকিস্তানও গত এক বছরে এগিয়েছে চার ধাপ, অর্থাৎ আমাদের তুলনায় চার গুণ। আর নেপাল ও ভুটানের দিকে তাকালে বিস্মিত হতে হয়; এক বছর আগে নেপাল ছিল বাংলাদেশের ছয় ধাপ নিচে, ১১৭তম অবস্থানে। এবার উঠে এসেছে ১০২তম অবস্থানে, অর্থাৎ বাংলাদেশের সাত ধাপ ওপরে! ভুটানও ১০৯তম অবস্থান থেকে উঠেছে ১০৩তম অবস্থানে।
গুরুতর রাজনৈতিক অস্থিরতা, জাতি-গোষ্ঠীগত হানাহানি, জঙ্গিবাদসহ নানা সমস্যায় জর্জরিত পাকিস্তান যদি এক বছরে চার ধাপ এগিয়ে যেতে পারে, ভুটান ও নেপাল এগোতে পারে যথাক্রমে ছয় ও ১৫ ধাপ, তাহলে সেই তুলনায় বাংলাদেশের মাত্র এক ধাপ অগ্রগতিকে বলা যায় শম্বুকগতি। এই গতিতে এগোতে থাকলে আমরা দক্ষিণ এশীয় পরিসরেই সবচেয়ে পেছনে পড়ে যেতে পারি।
আমাদের আরও দ্রুতগতিতে অগ্রসর হতে হবে। সে জন্য যে ক্ষেত্রগুলোয় আমরা বেশি পিছিয়ে রয়েছি, সেগুলোর প্রতি বিশেষ মনোযোগী হতে হবে। ডব্লিউইএফের প্রতিবেদন অনুযায়ী যে পাঁচটি ক্ষেত্রে বাংলাদেশের অবনতি ঘটেছে, সেগুলো হলো: প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, শ্রমবাজারের দক্ষতা, প্রযুক্তিগত প্রস্তুতি ও পরিশীলিত বাণিজ্য। এই ক্ষেত্রগুলোয় অগ্রগতি সাধনের জন্য ব্যবস্থাপনার মান বাড়ানো, ঘুষ-দুর্নীতি নিয়ন্ত্রণ করা, প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোগে আরও উৎসাহ জোগানোসহ সামগ্রিক সুশাসন অত্যন্ত প্রয়োজন।